সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনের সংসদ সদস্য ও রায়গঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আইনুল হকের গাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় করা মামলায় প্রধান আসামি তমাল সরকারের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
বুধবার (২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তমাল সরকারকে রায়গঞ্জ আমলি আদালতে হাজির করে পুলিশ। এ সময় মামলার তদন্তের স্বার্থে তাকে জিজ্ঞাসাবাদের জন্য পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। শুনানি শেষে বিচারক ওমর ফারুক দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
আদালতের এপিপি রফিকুল ইসলাম (রফিক আকন্দ) বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আদালত দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। তার ভাষ্য, এমপি আইনুল হককে হত্যার উদ্দেশ্যে হামলা করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে। তমালকে জিজ্ঞাসাবাদ করা হলে হামলার প্রকৃত কারণ ও ঘটনার সঙ্গে জড়িতদের বিষয়ে তথ্য পাওয়া যেতে পারে।
মামলার সূত্রে জানা যায়, গত ১৫ আগস্ট সন্ধ্যায় রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজারে একটি সভা শেষে ফেরার পথে সংসদ সদস্যের গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এ সময় হামলাকারীরা ইট-পাটকেল নিক্ষেপ করলে এমপির গাড়ির পেছনের অংশ ক্ষতিগ্রস্ত হয়। তবে সংসদ সদস্য আইনুল হক অক্ষত ছিলেন।
এ ঘটনায় রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা ইউনিয়ন বিএনপির সাবেক সহসভাপতি শামীমুল হাসান বাদী হয়ে মামলা করেন। মামলায় তমাল সরকারকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৩০ থেকে ৪০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করা হয়েছে।
পুলিশ জানায়, গত ২৪ আগস্ট রাতে রায়গঞ্জ উপজেলার ধানগড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তমাল সরকারকে গ্রেপ্তার করা হয়।
এর আগে ১৭ আগস্ট মামলার অপর দুই আসামি রায়গঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব মো. গোলাম মুক্তাদীর এবং আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের এক দিনের রিমান্ডে নেওয়া হয়েছিল। পরে মঙ্গলবার তারা জামিনে মুক্ত হন।










