দেশের বর্তমান জ্বালানিসংকটের জন্য অতীতের সরকারের নীতিকে দায়ী করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, আগের সরকারের সময়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি লিমিটেড (বাপেক্স) যথাযথভাবে কার্যকর হতে পারেনি। ফলে দেশে পর্যাপ্ত গ্যাস অনুসন্ধান না হওয়া এবং আমদানিনির্ভরতার কারণে বর্তমান সংকট তৈরি হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের তৃতীয় দিনে প্রশ্নোত্তর পর্বে সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য সেলিনা সুলতানার প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তারেক রহমান বলেন, জ্বালানিসংকট মোকাবিলায় সরকার একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করেছে। দেশীয় গ্যাসের উৎপাদন বাড়াতে ইতোমধ্যে ১০টি নতুন কূপ খনন এবং ওয়ার্কওভারের আওতায় ৩০টি কূপের কাজ সম্পন্ন হয়েছে। এসব কূপ থেকে প্রায় ৪৫০ এমএমএসসিএফডি গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হয়েছে।
প্রধানমন্ত্রী জানান, বর্তমানে আরও সাতটি কূপ খননের কাজ চলছে। এগুলোর কাজ শেষ হলে জাতীয় গ্রিডে অতিরিক্ত প্রায় ৮৫ এমএমএসসিএফডি গ্যাস যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বাকি কূপগুলো খননের জন্য পর্যায়ক্রমে প্রকল্প নেওয়া হচ্ছে।
বাপেক্সকে আরও সক্ষম করে তুলতে দুটি নতুন রিগ কেনার প্রক্রিয়াও চলছে বলে সংসদে জানান প্রধানমন্ত্রী। তার মতে, দেশের নিজস্ব গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বাড়াতে প্রতিষ্ঠানটির সক্ষমতা বৃদ্ধি গুরুত্বপূর্ণ।
দেশে নতুন গ্যাসের উৎস খুঁজতে ৫ হাজার ৬০০ লাইন কিলোমিটার ২ডি এবং ৪ হাজার ২০০ বর্গকিলোমিটার ৩ডি সাইসমিক সার্ভে পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
এ ছাড়া অফশোর গ্যাস অনুসন্ধানের জন্য অফশোর মডেল পিএসসি-২০২৬ অনুমোদনের পর বিড রাউন্ড আহ্বান করা হয়েছে। অনশোর ও অফশোরে অনুসন্ধানের মাধ্যমে নতুন গ্যাসের মজুত পাওয়া গেলে দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেন প্রধানমন্ত্রী।










