ফ্রান্সের ফার্স্ট লেডি ব্রিজিত ম্যাক্রোঁর মেয়ে টিফেন অজিয়ের নতুন সম্পর্কে জড়িয়েছেন। ৪২ বছর বয়সী টিফেনের নতুন সঙ্গী ২২ বছর বয়সী আতোঁয়ান লেকোমন্ত। তিনি পেশায় কাইটসার্ফিং প্রশিক্ষক ও ব্যবসায়ী। দুজনের বয়সের ২০ বছরের ব্যবধান নিয়ে এরই মধ্যে আলোচনা শুরু হয়েছে।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য ইন্ডিপেনডেন্টের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে টিফেন ও আতোঁয়ান একসঙ্গে সময় কাটিয়েছেন। সেই সময়ের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করেন টিফেন। ভিডিওতে দুজনের ঘনিষ্ঠ মুহূর্তের ছবি দেখা যায়। আতোঁয়ানের ভ্রমণের ভিডিও শেয়ার করে টিফেন ক্যাপশনে লেখেন, ‘ম্যাডামের সঙ্গে ৪৮ ঘণ্টা।’
ফরাসি ম্যাগাজিন গালার প্রতিবেদনে বলা হয়েছে, ফ্রান্সের সমুদ্রতীরবর্তী শহর ল্য তুকেতে তাদের পরিচয় হয়। সেখানে আতোঁয়ান কাইটসার্ফিং প্রশিক্ষক হিসেবে কাজ করেন। টিফেনের ঘনিষ্ঠ এক ব্যক্তির বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, পরিচয়ের পর থেকেই দুজনের মধ্যে ভালো সম্পর্ক তৈরি হয়।
ভ্রমণ, রোমাঞ্চ ও ব্যবসার প্রতি তাদের আগ্রহ রয়েছে। আতোঁয়ান ‘মিশন কাইটবোর্ডিং’ নামে একটি ব্যবসা পরিচালনা করেন, যেখানে কাইটসার্ফিংয়ের সরঞ্জাম তৈরি করা হয়। দুজন নিজেদের পেশাগত বিষয়েও একে অপরকে পরামর্শ দেন বলে জানা গেছে। শিগগিরই টিফেন তার সঙ্গীর সঙ্গে এশিয়া ভ্রমণে যেতে পারেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টিফেন ইতোমধ্যে আতোঁয়ানকে পরিবারের সদস্যদের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন। শিগগিরই ব্রিজিত ম্যাক্রোঁর সঙ্গেও তার দেখা হতে পারে।
টিফেনের মায়ের ঘনিষ্ঠ একজন জানিয়েছেন, মেয়ের নতুন সম্পর্ক নিয়ে ব্রিজিত খুশি এবং তার কাছে মেয়ের সুখই সবচেয়ে গুরুত্বপূর্ণ।
এদিকে ব্রিজিত ও এমানুয়েল ম্যাক্রোঁর সম্পর্কের বয়সের ব্যবধান নিয়েও দীর্ঘদিন ধরে আলোচনা রয়েছে। ব্রিজিত তার স্বামীর চেয়ে ২৪ বছরের বড়। অতীতে এমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, বয়সের ব্যবধানের ক্ষেত্রে পুরুষ বড় হলে সমাজ সাধারণত যেভাবে দেখে, নারীর বয়স বেশি হলে সেভাবে দেখে না।
সূত্র: দ্য ইন্ডিপেনডেন্ট, গালা










