মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন একটি জাতি গড়ে তুলতে সরকার কাজ করছে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
বুধবার (২ সেপ্টেম্বর) আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে ‘২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত মেধাবী স্কাউট ও রোভার স্কাউটদের সংবর্ধনা’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
শিক্ষামন্ত্রী বলেন, দেশের ভবিষ্যৎ প্রজন্মকে মাদকমুক্ত ও নৈতিকতাসম্পন্ন হিসেবে গড়ে তুলতে শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে সরকার। শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ এবং দক্ষতা বাড়াতে খেলাধুলা ও কারিগরি শিক্ষাকে কারিকুলামে অন্তর্ভুক্ত করা হচ্ছে।
তিনি আরও বলেন, শিক্ষার পরিবেশ ও মানোন্নয়নে স্কুল ড্রেস বিতরণ এবং সারাদেশের প্রাথমিক বিদ্যালয়ে মিডডে মিল চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি স্কাউটিংয়ের উন্নয়নেও পৃথক একটি স্কিম গ্রহণ করা হয়েছে।
স্কাউটিংয়ের গুরুত্ব তুলে ধরে ড. মিলন বলেন, এর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জনসেবার মানসিকতা, নেতৃত্বের গুণাবলি এবং দেশের প্রতি দায়িত্ববোধ তৈরি হয়। কীভাবে মানুষের সেবা করতে হয়, দেশকে ভালোবাসতে হয় এবং প্রয়োজনে দেশের জন্য আত্মত্যাগ করতে হয়—স্কাউটিং থেকে এসব গুরুত্বপূর্ণ শিক্ষা পাওয়া যায়।
মেধাবী তরুণদের দেশের প্রধান সম্পদ হিসেবে উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ গড়তে তরুণ ও মেধাবীদের গুরুত্ব দিতে হবে। দেশের বিপুল জনসংখ্যাকে দক্ষ জনসম্পদে পরিণত করা সম্ভব হলে ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা অর্জন করবে।
অনুষ্ঠানে ২০২৫ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৫৮০ জন মেধাবী স্কাউট ও রোভার স্কাউটকে সংবর্ধনা দেওয়া হয়। তাদের প্রত্যেককে সার্টিফিকেট, মেডেল এবং ২ হাজার টাকা করে নগদ অর্থ প্রদান করা হয়।










