চিকিৎসা শেষে প্রায় সাড়ে পাঁচ মাস পর বুধবার (২ সেপ্টেম্বর) দেশে ফিরছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস। সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় চিকিৎসা শেষে তাকে বহনকারী বিমানটি রাত ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
মালয়েশিয়া থেকে দেশে ফেরার উদ্দেশ্যে রওনা হওয়ার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা আব্বাসের স্ত্রী আফরোজা আব্বাস। তিনি জানান, জ্ঞান ফেরার পর থেকেই দেশে ফেরার জন্য অস্থির হয়ে ছিলেন মির্জা আব্বাস।
আফরোজা আব্বাস বলেন, অসুস্থ হওয়ার পর মির্জা আব্বাসকে অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রায় দেড় মাস চিকিৎসার পর তাকে প্রিন্স কোর্ট মেডিক্যাল সেন্টারে নেওয়া হয়। নিউরোর সমস্যা অনেকটাই ঠিক হয়ে যাওয়ার পর তার পুনর্বাসন বা রিহ্যাবিলিটেশন শুরু হয়।
তিনি জানান, মির্জা আব্বাস এখনও নিয়মিত রিহ্যাব করছেন। বর্তমানে তিনি লাঠির সাহায্যে হাঁটতে পারেন। তবে পুরোপুরি কোনো ধরনের সহায়তা ছাড়া স্বাভাবিকভাবে হাঁটতে এখনো পারেন না। তারপরও আল্লাহর রহমত ও দেশবাসীর দোয়ায় তিনি বেঁচে ফিরেছেন এবং ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানান আফরোজা।
মির্জা আব্বাসের দেশে ফেরার আগ্রহের কথা তুলে ধরে তিনি বলেন, জ্ঞান ফেরার পর থেকেই তিনি বারবার দেশে ফেরার কথা বলতেন। নিজের বাড়ি ও দেশকে খুব মিস করতেন। এমনকি দেশে ফেরার জন্য এতটাই অস্থির ছিলেন যে ফিজিওথেরাপি করতেও অনীহা দেখাতেন।
আফরোজা জানান, চিকিৎসকরা বলেছেন, রিহ্যাবিলিটেশন ও ব্যায়াম দীর্ঘদিন চালিয়ে যেতে হবে। স্বাভাবিক মানুষের মতো নিয়মিত ব্যায়াম ও শরীরচর্চা চালিয়ে যেতে হবে, যাতে সুস্থতার অগ্রগতি থেমে না যায়। বর্তমানে মির্জা আব্বাস মোটামুটি নিজের দৈনন্দিন কাজ নিজেই করতে পারেন এবং লাঠি দিয়ে হাঁটতে পারেন।










