শ্বাসকষ্ট, জ্বর ও কাশিজনিত সমস্যা নিয়ে রাজধানীর ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বর্তমানে শারীরিকভাবে স্থিতিশীল রয়েছেন। তবে পূর্ণাঙ্গ চিকিৎসা ও নিবিড় পর্যবেক্ষণের জন্য তাকে আরও কিছুদিন হাসপাতালে থাকতে হবে বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল ৭টায় বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকের সমন্বয়ে তার জন্য মেডিকেল বোর্ড পুনর্গঠন করা হয়। বোর্ডের পরামর্শ অনুযায়ী তার চিকিৎসা চলছে এবং প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাত ৯টা ৪০ মিনিটে ৭৬ বছর বয়সী ইকবাল হাসান মাহমুদ টুকু জ্বর, শ্বাসকষ্ট ও কাশিজনিত সমস্যা নিয়ে হাসপাতালের জরুরি বিভাগে আসেন। তার পূর্ববর্তী রোগের ইতিহাসে ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ রয়েছে। কিছুদিন আগে তার হৃদযন্ত্রের রক্তনালিতে একটি স্টেন্টও স্থাপন করা হয়েছে।
জরুরি বিভাগে প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষায় তার শ্বাসকষ্ট এবং রক্তে অক্সিজেনের মাত্রা কম পাওয়া যায়। পরে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার পর আরও পরীক্ষা-নিরীক্ষা ও পর্যবেক্ষণের জন্য তাকে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়।
তার চিকিৎসার জন্য তাৎক্ষণিকভাবে তিন সদস্যের একটি মেডিকেল বোর্ড গঠন করা হয়। পরে রক্তের বিভিন্ন পরীক্ষার রিপোর্ট ও বুকের এক্স-রে পর্যালোচনা করে ফুসফুসে নিউমোনিয়ার সম্ভাবনা বিবেচনায় নিয়ে প্রয়োজনীয় চিকিৎসা শুরু করা হয়।
হাসপাতালের বিবৃতিতে বলা হয়েছে, বর্তমানে মন্ত্রীর শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে তার সার্বিক শারীরিক অবস্থা পর্যবেক্ষণ এবং পূর্ণাঙ্গ চিকিৎসার স্বার্থে আরও কয়েকদিন হাসপাতালে থাকার পরামর্শ দিয়েছে মেডিকেল বোর্ড।










