বগুড়ায় নারী যাত্রীদের জন্য চালু হওয়া বিশেষ ‘মহিলা বাস’ সার্ভিসে বাড়ছে আগ্রহ। সাধারণ গণপরিবহনে চলাচলের সময় নানা ধরনের অস্বস্তি ও বিড়ম্বনার মুখে পড়তে হয়—এমন অভিযোগ করা নারী যাত্রীরা নতুন এই সার্ভিসে স্বাচ্ছন্দ্য ও নিরাপত্তার অনুভূতি পাচ্ছেন বলে জানিয়েছেন।
গত ১৮ আগস্ট ঢাকা, চট্টগ্রাম ও বগুড়ায় একযোগে মহিলা বাস সার্ভিস চালু করে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। উদ্বোধনের দিন থেকেই বগুড়া শহরের সাতমাথা থেকে শেরপুর রুটে দিনে একবার এবং মোকামতলা রুটে দুইবার নারী যাত্রীদের নিয়ে বাস চলাচল করছে।
বিআরটিসি সূত্রে জানা গেছে, প্রতিদিন সকাল ৭টায় সাতমাথা থেকে একটি বাস শেরপুরের উদ্দেশে ছেড়ে যায় এবং বিকেল ৪টায় বগুড়া শহরে ফিরে আসে। একই সময়ে আরেকটি বাস মোকামতলার উদ্দেশে যায়। সেটি সকাল ৮টা ২০ মিনিটে মোকামতলা থেকে বগুড়ার দিকে রওনা হয়। পরে দুপুর ১২টায় আবার সাতমাথা থেকে মোকামতলার উদ্দেশে ছেড়ে বিকেল ৪টায় বগুড়ায় ফেরে।
বগুড়া-শেরপুর রুটের দূরত্ব ২৭ কিলোমিটার এবং ভাড়া ৩০ টাকা। অন্যদিকে বগুড়া-মোকামতলা রুটের দূরত্ব ২৬ কিলোমিটার, ভাড়া ২০ টাকা।
মহিলা বাসের যাত্রী সুমাইয়া আক্তার, মুক্তা আক্তার, সাউদা ও খায়রুন নাহার জানান, বাসটিতে পুরুষ যাত্রী না থাকায় তারা স্বাচ্ছন্দ্যে যাতায়াত করতে পারছেন। বিশেষ করে শিশুদের নিয়ে চলাচলকারী নারীদের জন্য এটি সুবিধাজনক বলে তারা মনে করছেন।
বাসের চালক খোদেজাতুন কোবরা বলেন, প্রশিক্ষণ নিয়ে তিনি মহিলা বাস সার্ভিসের চালক হয়েছেন। নারীদের সেবা দিতে পেরে তিনি গর্বিত। সুপারভাইজার ঈশিতা আক্তারও জানান, নারী যাত্রীরা এই সার্ভিসে স্বাচ্ছন্দ্য বোধ করছেন।
বিআরটিসির ম্যানেজার সাফিনুল ইসলাম জানান, প্রাথমিকভাবে তিন জেলায় মহিলা বাস সার্ভিস চালু করা হয়েছে। পর্যায়ক্রমে দেশের অন্যান্য জেলাতেও এ সার্ভিস চালুর পরিকল্পনা রয়েছে।










