রাঙামাটিতে বিদ্যুৎ সংকট নিয়ে ফেসবুকে সমালোচনামূলক পোস্ট দেওয়ায় সাংগঠনিক পদ হারিয়েছেন ছাত্রদল নেতা আবু আবরার আলভী। রাঙামাটি সরকারি কলেজ শাখা ছাত্রদলের সহসভাপতি আলভীকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পদ থেকে বহিষ্কার করেছে জেলা ছাত্রদল।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) রাঙামাটি জেলা ছাত্রদলের সভাপতি মো. অলি আহাদ ও সাধারণ সম্পাদক নাঈমুল ইসলাম রনির অনুমোদনে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জেলা ছাত্রদলের দপ্তর সম্পাদক সানি আহমেদের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে।
জেলা ছাত্রদল সূত্রে জানা যায়, গত ২৯ আগস্ট নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিদ্যুৎ সংকট নিয়ে একটি পোস্ট দেন আলভী। সেখানে তিনি লেখেন, ‘আগে বিদ্যুতের অনেক সমস্যা ছিল, এখন বিদ্যুৎই আর নেই।’ সংগঠনটি ওই পোস্টকে সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ হিসেবে বিবেচনা করে তাকে কারণ দর্শানোর নোটিশ দেয় এবং লিখিত ব্যাখ্যা দিতে বলে।
পরে আলভী শোকজের জবাব দিলেও তার ব্যাখ্যায় সন্তুষ্ট হয়নি জেলা ছাত্রদল। এরপর ১ সেপ্টেম্বর তাকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে নিজের পোস্টের পক্ষে যুক্তি দিয়েছেন আলভী। তিনি বলেন, জনদুর্ভোগের চিত্র তুলে ধরতেই তিনি ওই পোস্ট করেছিলেন। তার ভাষ্য, দেশের বিভিন্ন ইউনিটের ছাত্রদল নেতারাও বিদ্যুৎ সংকট নিয়ে পোস্ট করেছেন। সাধারণ শিক্ষার্থী ও মানুষের দুর্ভোগে সংগঠন যে দুঃখিত, সেটিই বোঝাতে তিনি পোস্টটি করেছিলেন।
আলভী আরও জানান, তাকে ফেসবুকে পোস্ট দিয়ে ক্ষমা চাইতে বলা হয়েছিল। তবে তাৎক্ষণিকভাবে ক্ষমা না চেয়ে তিনি শোকজের ব্যাখ্যা ফেসবুকে প্রকাশ করেন। সময় নিয়ে ক্ষমা চেয়ে পোস্ট করার পরিকল্পনা থাকলেও এর মধ্যেই তাকে বহিষ্কার করা হয়।










