আগামী ২০২৭ সালের বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব ৮ থেকে ১০ জানুয়ারি এবং দ্বিতীয় পর্ব ১৫ থেকে ১৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
নির্ধারিত সূচি অনুযায়ী, দুই পর্বের ইজতেমাই গাজীপুরের টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিত হবে। প্রথম পর্ব শুরু হবে শুক্রবার (৮ জানুয়ারি) এবং শেষ হবে রোববার (১০ জানুয়ারি)। এক সপ্তাহ বিরতির পর দ্বিতীয় পর্ব শুরু হবে শুক্রবার (১৫ জানুয়ারি), যা শেষ হবে রোববার (১৭ জানুয়ারি)।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান, প্রথম পর্বে জুবায়েরপন্থী এবং দ্বিতীয় পর্বে সাদপন্থী অনুসারীরা অংশ নেবেন। দুই পক্ষের সঙ্গে আলোচনা করেই ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে বলে জানান তিনি।
বিশ্ব ইজতেমায় মাওলানা সাদের বাংলাদেশে আগমনের বিষয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি জানান, তার আগমনের বিষয়টি প্রচলিত ভিসা নীতি অনুযায়ী ধর্ম মন্ত্রণালয় দেখবে।
দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে ইজতেমার আয়োজন ও অংশগ্রহণ নিয়ে বিভিন্ন মতপার্থক্য রয়েছে। এ কারণে আগামী বছরের ইজতেমার আয়োজন নিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে আলোচনা হয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
সরকারের নির্ধারিত সূচি অনুযায়ী জানুয়ারির দুই সপ্তাহে পৃথকভাবে অনুষ্ঠিত হবে বিশ্ব ইজতেমা। টঙ্গীর তুরাগ তীরের এই বৃহৎ ধর্মীয় সমাবেশে দেশ-বিদেশের বিপুলসংখ্যক মুসল্লি অংশ নেন। ইজতেমাকে ঘিরে প্রতিবছরই ব্যাপক প্রস্তুতি নেয় সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।










