ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন সামরিক বাহিনীর হামলার অভিযোগের পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র কখনোই যুদ্ধক্ষেত্রে বেসামরিক নাগরিকদের লক্ষ্যবস্তু করে না বলে দাবি করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। একই সঙ্গে ওই হামলার ঘটনা তদন্ত করা হচ্ছে বলেও জানিয়েছেন তিনি।
হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভ্যান্স বলেন, ইরানি রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনের সত্যতা নিয়ে সন্দেহ রয়েছে। তার দাবি, যুক্তরাষ্ট্র কখনোই ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) মতো বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না।
ভ্যান্স বলেন, ‘আমি শতভাগ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি যে আইআরজিসির মতো যুক্তরাষ্ট্র কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। আমরা তা কখনো করব না এবং পূর্বেও তা করিনি।’
তিনি আরও বলেন, সামরিক অভিযানে কখনো কখনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। মার্কিন সেনাবাহিনী কোনো ভুল করলে তা থেকে শিক্ষা নেয় বলেও মন্তব্য করেন তিনি। তবে ইরানের ওই নির্দিষ্ট ঘটনায় ঠিক কী ঘটেছে, সে বিষয়ে এখনো তাদের কাছে পর্যাপ্ত নির্দিষ্ট তথ্য নেই বলে জানান ভাইস প্রেসিডেন্ট।
তবে মার্কিন প্রশাসনের বক্তব্যের সঙ্গে ভিন্ন তথ্য সামনে এসেছে। বার্তা সংস্থা রয়টার্সের যাচাই করা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অস্ত্র বিশেষজ্ঞরা দাবি করেছেন, দক্ষিণ ইরানের কুহেস্তাক এলাকায় একটি বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণের ঘটনা সম্ভবত মার্কিন যুদ্ধাস্ত্রের সরাসরি আঘাতের কারণে ঘটেছে।
ওই ঘটনায় চারজন নিহত এবং অন্তত ৬৮ জন আহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষজ্ঞদের বিশ্লেষণ অনুযায়ী, বিস্ফোরণটি কোনো সাধারণ লক্ষ্যচ্যুত হামলা কিংবা ইরানের প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্রের ভুল আঘাতের ফল নয়; বরং মার্কিন অস্ত্রের সরাসরি আঘাত হওয়ার সম্ভাবনাই বেশি।
ঘটনাটি নিয়ে যুক্তরাষ্ট্রের তদন্তের ফল কী আসে, তা এখন দেখার বিষয়।










