মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথের বিরুদ্ধে যুদ্ধাপরাধের অভিযোগ তুলেছেন দেশটির ডেমোক্রেটিক কংগ্রেস সদস্য ডেলিয়া রামিরেজ। বিদেশে মার্কিন অস্ত্রের ব্যবহার এবং ইরানের বিরুদ্ধে চলমান সামরিক সংঘাতের সমালোচনা করে অবিলম্বে যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় রামিরেজ এসব মন্তব্য করেন। সেখানে তিনি ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে হামলার অভিযোগের প্রসঙ্গ তুলে ধরেন।
রামিরেজ বলেন, নবদম্পতির জীবনের নতুন অধ্যায় শুরুর উদযাপনের দিনটি ভয়াবহ ধ্বংসযজ্ঞে পরিণত হয়েছে। তার অভিযোগ, ফিলিস্তিন থেকে ইরান পর্যন্ত মার্কিন বোমার ব্যবহারে নিরীহ নারী ও শিশুরা নিহত হচ্ছে।
তিনি কংগ্রেসের প্রতি যুদ্ধের সঙ্গে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান। একই সঙ্গে ট্রাম্প ও হেগসেথের সামরিক কর্মকাণ্ডের বিষয়ে কংগ্রেসকে আরও সক্রিয় হওয়ার আহ্বান জানিয়েছেন এই ডেমোক্রেটিক আইনপ্রণেতা।
রামিরেজ ‘ব্লক দ্য বোম্বস অ্যাক্ট’ পাস করারও আহ্বান জানান। তার মতে, এ ধরনের উদ্যোগের মাধ্যমে কংগ্রেস নিজের সাংবিধানিক ক্ষমতা পুনরুদ্ধার করতে এবং চলমান যুদ্ধ বন্ধে ভূমিকা রাখতে পারে।
এর আগে ইরানে একটি বিয়ের অনুষ্ঠানে মার্কিন হামলার অভিযোগ নিয়ে যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স বলেছিলেন, মার্কিন বাহিনী কখনোই বেসামরিক নাগরিকদের লক্ষ্য করে হামলা চালায় না। ওই ঘটনার তদন্ত চলছে বলেও জানিয়েছিলেন তিনি।
অন্যদিকে, রয়টার্সের যাচাই করা ছবি ও ভিডিও বিশ্লেষণ করে অস্ত্র বিশেষজ্ঞরা দাবি করেছেন, দক্ষিণ ইরানের কুহেস্তাক এলাকায় বিয়ের অনুষ্ঠানে বিস্ফোরণটি সম্ভবত মার্কিন যুদ্ধাস্ত্রের সরাসরি আঘাতে ঘটেছে। ঘটনায় চারজন নিহত ও অন্তত ৬৮ জন আহত হওয়ার কথা বলা হয়েছে।
তবে এসব অভিযোগের বিষয়ে মার্কিন প্রশাসনের চূড়ান্ত তদন্তের ফল এখনো প্রকাশিত হয়নি।










