ফেনীর ছাগলনাইয়া উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানকে একটি বাস পেছন থেকে ধাক্কা দেওয়ার ঘটনায় তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাসের চালক রয়েছেন।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৭টার দিকে ছাগলনাইয়া থানাধীন মহাসড়কের চট্টগ্রামমুখী লেনে পুরাতন মুহুরীগঞ্জ দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় একটি লরিও সংঘর্ষে জড়িয়ে পড়ে বলে জানা গেছে।
খবর পেয়ে ফাজিলপুর হাইওয়ে থানার মোবাইল টিম দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতালে পাঠায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক কাভার্ডভ্যানের চালক, হেলপার ও বাসের চালকসহ তিনজনকে মৃত ঘোষণা করেন। আহত অপর ব্যক্তিকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
দুর্ঘটনায় নিহত তিনজনের মরদেহ ফেনী সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। তবে প্রতিবেদন লেখা পর্যন্ত নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত কাভার্ডভ্যান, লরি ও বাস হেফাজতে নেয়। দুর্ঘটনার কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও বর্তমানে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।
ফাজিলপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নোমান দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।










