জনস্বার্থে নেওয়া বিভিন্ন প্রকল্পের অর্থায়নে নির্দিষ্ট কয়েকটি উৎসের ওপর নির্ভরশীল না থেকে নতুন অর্থনৈতিক মডেলের মাধ্যমে বিকল্প উৎস খুঁজছে সরকার বলে জানিয়েছেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। একই সঙ্গে নাগরিক সুবিধা বাড়াতে নেওয়া প্রকল্পগুলোর যথাযথ রক্ষণাবেক্ষণে বেসরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সহযোগীদের যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও জানান তিনি।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে চট্টগ্রাম শহরে পানি সরবরাহে নতুন পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেল প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রাম ওয়াসার সঙ্গে ম্যাক্স ফাউন্ডেশন ও ম্যাক্স সোশ্যাল এন্টারপ্রাইজের সমঝোতা চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে এসব কথা বলেন অর্থমন্ত্রী।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, চট্টগ্রামের সম্ভাবনাময় নদী-খালগুলোকে পণ্য পরিবহনের কাজে ব্যবহারের পরিকল্পনা রয়েছে সরকারের। এ জন্য পানি নিষ্কাশন ব্যবস্থাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। একই সঙ্গে নগরবাসীর জন্য বিশুদ্ধ পানি নিশ্চিত করতেও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নেও সরকার গুরুত্ব দিয়ে কাজ করছে। জনস্বার্থের প্রকল্পগুলো যাতে দীর্ঘমেয়াদে কার্যকর থাকে, সে জন্য সরকারি ব্যবস্থাপনার পাশাপাশি বেসরকারি খাত ও উন্নয়ন সহযোগীদের সম্পৃক্ত করার প্রয়োজন রয়েছে।
নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক ও কারিগরি সহায়তায় পাইলট প্রকল্পটির আওতায় চট্টগ্রাম নগরীর ৪০ ও ৪১ নম্বর ওয়ার্ডে পানির চাহিদা নিরূপণ, বিভিন্ন মডেল অনুসন্ধান ও পরীক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হবে। পরবর্তী সময়ে পর্যায়ক্রমে নগরীর অন্যান্য এলাকাতেও এ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে নেদারল্যান্ডস দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ও বাণিজ্য ও উন্নয়ন বিভাগের প্রধান ইয়ানা ভ্যান ডার লিন্ডেনসহ সংশ্লিষ্টরা বক্তব্য দেন। পরে অংশীজনদের মধ্যে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।










