সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাসার তালাবদ্ধ কক্ষ থেকে এক নারী, এক পুরুষ ও সদ্য ভূমিষ্ঠ এক নবজাতকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোরে মধ্য জামগড়া এলাকার হাজী হযরত আলীর মালিকানাধীন চারতলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, ওই কক্ষের দরজা-জানালা সবসময় বন্ধ থাকত। নিহত নারী ও পুরুষ স্বামী-স্ত্রীর পরিচয়ে ওই বাসা ভাড়া নিয়েছিলেন বলে জানা গেছে। শুক্রবার রাতে কক্ষের ভেতর থেকে তীব্র পচা দুর্গন্ধ বের হলে স্থানীয়দের সন্দেহ হয়। পরে তারা পুলিশকে খবর দেন।
খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে কক্ষটি খুলে তিনজনের অর্ধগলিত মরদেহ দেখতে পায়। পরে মরদেহগুলো উদ্ধার করা হয়। পুলিশ জানায়, পুরুষের গলায় গামছা পেঁচানো অবস্থায় মরদেহ পাওয়া গেছে। এ কারণে ঘটনাটি হত্যাকাণ্ড কি না, তা গুরুত্ব দিয়ে খতিয়ে দেখা হচ্ছে।
পুলিশের প্রাথমিক ধারণা, কয়েক দিন আগেই ওই তিনজনের মৃত্যু হয়ে থাকতে পারে। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, সে বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ডিউটি অফিসার এসআই রাসেল হোসেন জানান, তিনজনের মৃত্যুর কারণ অনুসন্ধান করা হচ্ছে। এটি হত্যাকাণ্ড নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে, তদন্ত শেষে তা জানা যাবে। ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডির ফরেনসিক টিম।
আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম বলেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ তালাবদ্ধ কক্ষটি খুলে তিনজনের মরদেহ উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নিহতরা স্বামী-স্ত্রী। তবে তাদের পরিচয় ও স্থায়ী ঠিকানা শনাক্তের কাজ চলছে। ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে।










