গণভোটের রায় বাস্তবায়ন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণ এবং দ্রুত জ্বালানি সংকট নিরসনসহ ছয় দফা দাবিতে চট্টগ্রাম অভিমুখে লংমার্চ শুরু করেছে ১১ দলীয় ঐক্য। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় রাজধানীর শাপলা চত্বরে উদ্বোধনী সমাবেশ শেষে চট্টগ্রামের লালদীঘি ময়দানের উদ্দেশে যাত্রা শুরু করেন জোটের নেতাকর্মীরা।
আয়োজকদের ঘোষণা অনুযায়ী, লংমার্চের গাড়িবহর নারায়ণগঞ্জ, কুমিল্লা, ফেনী ও চট্টগ্রামের মিরসরাইসহ বিভিন্ন এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ ও পথসভা করবে। পরে রাতে চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশের মধ্য দিয়ে কর্মসূচি শেষ হওয়ার কথা রয়েছে।
কর্মসূচিতে জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান, দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারসহ ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা অংশ নিয়েছেন।
জোটের নেতারা জানান, লংমার্চে রাজনৈতিক ও সাংবিধানিক সংস্কারের পাশাপাশি জনজীবনের বিভিন্ন সংকট তুলে ধরা হবে। তবে গণভোটের রায় বাস্তবায়ন এবং জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত গণহত্যার বিচারকে কর্মসূচিতে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আয়োজকদের দাবি, লংমার্চের গাড়িবহরে এক হাজারের বেশি যানবাহন রয়েছে। নির্ধারিত স্থানগুলোর পাশাপাশি যাত্রাপথে কোথাও বড় ধরনের লোকসমাগম হলে সেখানে গাড়িবহর থামিয়ে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিতে পারেন। বিভিন্ন এলাকা থেকে নতুন গাড়িও বহরে যুক্ত হওয়ার কথা রয়েছে। নতুন যুক্ত হওয়া গাড়িগুলো বহরের শেষ দিকে রাখা হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
চট্টগ্রামের লালদীঘি ময়দানে সমাপনী সমাবেশে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা বক্তব্য দেবেন। সমাবেশ শেষে শনিবার রাতেই গাড়িবহর ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে।
#11PartyAlliance #LongMarch #Chattogram #BangladeshPolitics #Referendum #PoliticalReform #Jamaat #BanglaGazeta










