আওয়ামী লীগের বিচার ও পুনর্বাসন ঠেকাতে রাজনৈতিক ঐকমত্যের আহ্বান প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারীর
জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান আওয়ামী লীগের বিষয়ে নমনীয় অবস্থান নেওয়ায় দলটির নেতাকর্মীদের বিচারের পথ কঠিন হয়ে পড়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।
রাশেদ খান দাবি করেন, গণঅভ্যুত্থানের পর জামায়াত আমির আওয়ামী লীগের প্রতি ‘সাধারণ ক্ষমা’ প্রদর্শন করেছেন। তাঁর মতে, ভোটের রাজনীতির কারণে আওয়ামী লীগের প্রতি এই নমনীয়তা দেখানো হয়েছে, যা দলটির বিরুদ্ধে বিচারপ্রক্রিয়ার ক্ষেত্রে বড় বাধা তৈরি করেছে।
ফেসবুক পোস্টে তিনি আরও দাবি করেন, ধীরে ধীরে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে ‘নরমালাইজড’ করা হয়েছে। এরপর আওয়ামী লীগের নেতাকর্মীদের জামায়াতে যোগদানের সুযোগ দেওয়া হয় এবং বিভিন্ন জায়গায় প্রকাশ্যে ও গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের জামায়াতে যুক্ত হওয়ার ঘটনা ঘটে।
রাশেদ খান অভিযোগ করেন, আওয়ামী লীগের ভোটব্যাংক এবং জামায়াতের ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষার কারণে আওয়ামী লীগের ‘অপরাধীদের’ সঠিক বিচার হয়নি। তাঁর ভাষ্য, অপরাধের বিচার না হলে অপরাধীরা আরও বেপরোয়া হয়ে ওঠে। সাম্প্রতিক সময়ে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের সঙ্গে ঘটে যাওয়া একটি ঘটনাকে এর উদাহরণ হিসেবে উল্লেখ করেন তিনি।
তিনি আরও বলেন, আওয়ামী লীগ রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগের অপেক্ষায় রয়েছে। জামায়াত ভোটব্যাংক বাড়ানোর উদ্দেশ্যে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করলে ভবিষ্যতে আওয়ামী লীগ আবারও প্রাসঙ্গিক হয়ে উঠতে পারে বলেও মন্তব্য করেন তিনি।
জামায়াত-এনসিপির প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান আওয়ামী লীগের ব্যবসায়ী ও নেতাদের কাছ থেকে বিভিন্ন কর্মসূচির জন্য অর্থ ও যানবাহন নেওয়া এবং তাদের পুনর্বাসন বন্ধ করার কথা বলেন।
রাশেদ খান আরও দাবি করেন, আওয়ামী লীগের বিচার নিশ্চিত করতে সামাজিক ও রাজনৈতিক ঐক্য প্রয়োজন। এ জন্য জামায়াতের আমিরকে সংসদে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাওয়ার পাশাপাশি আওয়ামী লীগের বিচার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি।
তাঁর ভাষ্য, বিএনপি সরকার আওয়ামী লীগের বিচার করবে, আর একই সময়ে জামায়াত যদি ভোটের স্বার্থে আওয়ামী লীগের পুনর্বাসনের চেষ্টা করে, তাহলে ভবিষ্যতে দলটি আবারও রাজনৈতিকভাবে ফিরে আসার সুযোগ পেতে পারে।










