ব্যবসায়ী ও পেশাজীবীদের হুমকি দিয়ে চাঁদা দাবির অভিযোগ; সীতাকুণ্ডে অস্ত্র প্রদর্শনের ঘটনায় গ্রেপ্তার আরও ৩
চট্টগ্রামে শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমনের সাত সহযোগীকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। পুলিশ জানিয়েছে, দীর্ঘদিন ধরে তারা ব্যবসায়ী ও পেশাজীবীদের মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করত। দাবি অনুযায়ী টাকা না দিলে বাড়িঘর বা ব্যবসাপ্রতিষ্ঠানে অতর্কিত হামলা চালিয়ে ভয়ভীতি প্রদর্শনের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে।
সোমবার রাতে হাটহাজারী, বায়েজীদ ও খুলশী এলাকায় পৃথক অভিযান চালিয়ে ওই সাতজনকে গ্রেপ্তার করা হয়। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন জেলা পুলিশ সুপার মাসুদ আলম।
পুলিশ সুপার জানান, সম্প্রতি এক চিকিৎসককে বিদেশি নম্বর ব্যবহার করে ফোন দিয়ে ১০ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। এ ঘটনার পর বিষয়টি তদন্তে নামে পুলিশ। তদন্তের সূত্র ধরে বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
মাসুদ আলম বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছে, তারা ডেভিড ইমনের সহযোগী হিসেবে কাজ করলেও পরবর্তীতে নিজেরাই একটি পৃথক চক্র গড়ে তোলে। ওই চক্রের সদস্যরা বিভিন্ন ব্যবসায়ীর ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্য সংগ্রহ করে তাদের টার্গেট করত। পরে মোবাইল ফোনে হুমকি দিয়ে চাঁদা দাবি করা হতো।
পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তাদের কর্মকাণ্ডের সঙ্গে আরও কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে সীতাকুণ্ডে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের সময় প্রকাশ্যে অস্ত্র প্রদর্শনের অভিযোগে আরও তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের কাছ থেকে একটি একনলা দেশীয় বন্দুক জব্দ করা হয়েছে। এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।










