ভারতের ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন সরকার দেশটির বিভিন্ন রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিভিল কোড (UCC) বাস্তবায়নের উদ্যোগ আরও জোরদার করছে। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছেন, বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের শাসনাধীন সব রাজ্যে ২০২৯ সালের মধ্যে এই আইন কার্যকর করার লক্ষ্য রয়েছে। বিষয়টি দেশটির মুসলিম সম্প্রদায়ের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।
রোববার এক বক্তব্যে অমিত শাহ বলেন, ইতোমধ্যে কয়েকটি রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি চালু করা হয়েছে। তার আশা, ২০২৯ সালের মধ্যে এনডিএ শাসিত ২১টি রাজ্যেই এই আইন বাস্তবায়ন করা সম্ভব হবে। বিজেপি সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক লক্ষ্যগুলোর অন্যতম হচ্ছে ধর্ম ও সম্প্রদায়ভেদে ব্যক্তিগত আইনের পরিবর্তে একটি অভিন্ন আইনি কাঠামো প্রতিষ্ঠা করা।
বর্তমানে ভারতে ফৌজদারি আইন সবার জন্য একই হলেও বিয়ে, বিবাহবিচ্ছেদ, উত্তরাধিকারসহ বিভিন্ন ব্যক্তিগত বিষয় ধর্মীয় ও সামাজিক সম্প্রদায়ের নিজস্ব আইন ও রীতিনীতির মাধ্যমে পরিচালিত হয়। প্রস্তাবিত UCC এই ভিন্নতাগুলো কমিয়ে একটি অভিন্ন কাঠামোর আওতায় আনার কথা বলে।
তবে এই উদ্যোগ নিয়ে মুসলিম সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় স্বাধীনতা ও ব্যক্তিগত আইন নিয়ে উদ্বেগ রয়েছে। বিশেষ করে বিয়ে, বিবাহবিচ্ছেদ ও উত্তরাধিকারের মতো বিষয়ে প্রচলিত ধর্মীয় বিধানের ওপর এর প্রভাব কী হবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে।
অন্যদিকে UCC-এর সমর্থকদের দাবি, এই আইন বহুবিবাহ বন্ধে ভূমিকা রাখবে এবং নারী-পুরুষের সম্পত্তির অধিকারে সমতা প্রতিষ্ঠা করবে। এছাড়া আদালতের মাধ্যমে বিবাহবিচ্ছেদের ব্যবস্থা নিশ্চিত হলে মুসলিম নারীর অধিকারও আরও সমতাভিত্তিক হবে বলে তারা মনে করেন।
ভারতে প্রায় ২২ কোটি মুসলিম বসবাস করেন, যা দেশটির অন্যতম বৃহৎ ধর্মীয় জনগোষ্ঠী। ফলে অভিন্ন দেওয়ানি বিধি বাস্তবায়নের উদ্যোগ দেশটির সামাজিক ও রাজনৈতিক অঙ্গনে গুরুত্বপূর্ণ বিতর্কের জন্ম দিয়েছে।










