রাজধানীতে মাদকবিরোধী ও অপরাধ দমন অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৬৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। একই সময়ে বিভিন্ন অভিযোগে ৫৮টি মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপপুলিশ কমিশনার মো. আকতার হোসেন এ তথ্য জানান।
ডিএমপি জানায়, গ্রেপ্তারদের মধ্যে মিরপুর বিভাগ থেকে সর্বোচ্চ ১৫৩ জন রয়েছেন। এছাড়া তেজগাঁও বিভাগে ১১৪, ওয়ারীতে ৭৯, মতিঝিলে ৭৭, লালবাগে ৪০, গুলশানে ৩৬, উত্তরা বিভাগে ৩৫, রমনায় ২৬ এবং গোয়েন্দা বিভাগ থেকে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে।
অভিযান চলাকালে বিভিন্ন ধরনের মাদক ও অন্যান্য সামগ্রী উদ্ধার করা হয়। এর মধ্যে রয়েছে ২ হাজার ১৯৪ পিস ইয়াবা, ৩ কেজি ৭১৫ গ্রাম গাঁজা এবং ৬২ গ্রাম হেরোইন। এছাড়া ছয়টি মোবাইল ফোন, সাত জোড়া চোরাই জুতা, ২০০ দশমিক ১৫ গ্রাম স্বর্ণালংকার এবং ১ হাজার পিস রঙিন কাগজ উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী ও অপরাধ দমন কার্যক্রমের অংশ হিসেবে এসব অভিযান পরিচালনা করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।










