ইউক্রেনে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ৫ হাজার ৩০০ বর্গকিলোমিটারের বেশি এলাকা এবং ২২০টিরও বেশি লোকালয় নিয়ন্ত্রণে নেওয়ার দাবি করেছে রাশিয়া।
শনিবার (১৯ সেপ্টেম্বর) টেলিগ্রামে দেওয়া এক বিবৃতিতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ দাবি করে। মন্ত্রণালয়ের তথ্যমতে, শুধু সেপ্টেম্বর মাসেই ৬৭০ বর্গকিলোমিটারের বেশি এলাকা এবং ২৭টি লোকালয় রুশ বাহিনীর নিয়ন্ত্রণে এসেছে।
রাশিয়ার দাবি, সুমি ও খারকিভ অঞ্চলের সীমান্ত এলাকায় নিরাপত্তা বলয় তৈরির লক্ষ্যে সামরিক অভিযান অব্যাহত রয়েছে। গত ৫ সেপ্টেম্বর থেকে উত্তরপূর্ব খারকিভে ইউক্রেনের নিয়ন্ত্রিত এলাকা ১৫২ বর্গকিলোমিটার কমেছে এবং ৯টি লোকালয় দখলে নেওয়া হয়েছে বলেও দাবি করেছে মস্কো।
এ ছাড়া ঝাপোরিজিয়া, ক্রামাতোরস্ক, স্লোভিয়ানস্ক ও দ্রুঝকিভকা এলাকায় তীব্র লড়াই চলছে বলে জানিয়েছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়। দোব্রোপিলিয়া ও অন্যান্য এলাকায়ও রুশ বাহিনী অভিযান চালাচ্ছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে।
তবে এসব দাবি স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। ইউক্রেনীয় কর্তৃপক্ষও রাশিয়ার সর্বশেষ দাবির বিষয়ে তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া জানায়নি। চলমান যুদ্ধের কারণে উভয় পক্ষের দেওয়া সামরিক তথ্য যাচাইয়ে সীমাবদ্ধতা রয়েছে।
সূত্র: আনাদোলু এজেন্সি










