সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য নবম পে স্কেলের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। শনিবার (১৯ সেপ্টেম্বর) অর্থ বিভাগ জারি করা ‘চাকরি (বেতন ও ভাতাদি) আদেশ, ২০২৬’-এ বিভিন্ন গ্রেড ও এলাকার ভিত্তিতে বাড়িভাড়ার নতুন হার নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় গ্রেড ২০ থেকে গ্রেড ১৬ পর্যন্ত চাকরিজীবীরা মূল বেতনের ৬০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন। গ্রেড ১৫ থেকে গ্রেড ১০ পর্যন্ত ৫০ শতাংশ, গ্রেড ৯ থেকে গ্রেড ৫ পর্যন্ত ৪৫ শতাংশ এবং গ্রেড ৪ থেকে গ্রেড ১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা ৪০ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
খুলনা, রাজশাহী, চট্টগ্রাম, সিলেট, বরিশাল, নারায়ণগঞ্জ, কুমিল্লা, রংপুর, গাজীপুর, ময়মনসিংহ ও বগুড়া সিটি করপোরেশন এবং সাভার ও কক্সবাজার পৌর এলাকায় বাড়িভাড়ার হার নির্ধারণ করা হয়েছে যথাক্রমে ৫০, ৪০, ৩৫ ও ৩০ শতাংশ।
এ ছাড়া অন্যান্য এলাকায় গ্রেড ২০ থেকে গ্রেড ১৬ পর্যন্ত ৪৫ শতাংশ, গ্রেড ১৫ থেকে গ্রেড ১০ পর্যন্ত ৩৫ শতাংশ, গ্রেড ৯ থেকে গ্রেড ৫ পর্যন্ত ৩০ শতাংশ এবং গ্রেড ৪ থেকে গ্রেড ১ ও তদূর্ধ্ব গ্রেডের চাকরিজীবীরা মূল বেতনের ২৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।
নতুন পে স্কেলের এই প্রজ্ঞাপনে সরকারি চাকরিজীবীদের বাড়িভাড়া ভাতার ক্ষেত্রে গ্রেড ও কর্মস্থলভেদে ভিন্ন হার নির্ধারণ করা হয়েছে।










