যুক্তরাষ্ট্র ইরানের দেওয়া শর্ত পূরণ না করা পর্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না বলে জানিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। রোববার (২০ সেপ্টেম্বর) দেশটির পার্লামেন্টে দেওয়া বক্তব্যে তিনি এ অবস্থানের কথা জানান।
গালিবাফ বলেন, মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে ইরানের বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। ইরানের শর্ত পূরণ, দেশটির বৈধ অধিকারকে স্বীকৃতি এবং যুক্তরাষ্ট্রের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালি আগের অবস্থায় ফিরবে না। একই কারণে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা পুনরায় আগের পর্যায়ে ফিরবে না বলেও তিনি জানান।
এর আগে ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই জানান, কাতারের মাধ্যমে ওয়াশিংটনের কাছে যুদ্ধ বন্ধ ও আলোচনায় ফেরার শর্ত পাঠিয়েছে তেহরান। এসব শর্তের মধ্যে রয়েছে সব ফ্রন্টে যুদ্ধের অবসান, ইরানের জব্দ করা অর্থ ছাড় এবং দেশটির ওপর আরোপিত নৌ অবরোধ প্রত্যাহার।
হরমুজ প্রণালি বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহনপথ। যুদ্ধের আগে এই জলপথ দিয়ে বিশ্ববাজারে বিপুল পরিমাণ তেল ও গ্যাস পরিবহন হতো। চলমান সংঘাতের কারণে বর্তমানে এই পথে বাণিজ্যিক জাহাজ চলাচল স্বাভাবিক সময়ের তুলনায় অনেক কমে গেছে। সাম্প্রতিক জাহাজ চলাচলের তথ্যেও হরমুজে বাণিজ্যিক পরিবহন উল্লেখযোগ্যভাবে কম থাকার চিত্র পাওয়া গেছে।
ইরান আগেও জানিয়েছে, যুক্তরাষ্ট্র চুক্তির শর্ত মেনে দেশটির ওপর আরোপিত বিভিন্ন নিষেধাজ্ঞা ও অবরোধ প্রত্যাহার করলে আলোচনায় ফেরার সুযোগ তৈরি হতে পারে। আগস্টেও গালিবাফ বলেছিলেন, যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে করা অন্তর্বর্তী সমঝোতার শর্ত পূরণ না করা পর্যন্ত হরমুজ প্রণালি বন্ধ থাকবে।
অন্যদিকে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করার বিষয়ে ভিন্ন অবস্থান নিয়ে আসছে। এ নিয়ে দুই পক্ষের বক্তব্যে উল্লেখযোগ্য পার্থক্য রয়েছে। আলজাজিরার সাম্প্রতিক বিশ্লেষণ অনুযায়ী, যুক্তরাষ্ট্র হরমুজে জাহাজ চলাচল বাড়ার দাবি করলেও বিভিন্ন জাহাজ ট্র্যাকিং প্রতিষ্ঠানের তথ্য বাণিজ্যিক জাহাজ চলাচল অনেক কম থাকার ইঙ্গিত দিচ্ছে।
এদিকে কাতার ও পাকিস্তানসহ কয়েকটি দেশ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনার পরিবেশ তৈরিতে মধ্যস্থতার চেষ্টা করছে। তবে হরমুজের নিয়ন্ত্রণ, যুদ্ধের অবসান, নিষেধাজ্ঞা এবং ইরানের জব্দ করা অর্থসহ বিভিন্ন বিষয়ে দুই পক্ষের মতপার্থক্য এখনো আলোচনার অন্যতম বাধা হয়ে রয়েছে।










