পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবিরের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। রোববার (২০ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে বাংলাদেশ ও চীনের দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারে রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের ভূমিকার প্রশংসা করেন হুমায়ুন কবির। বাংলাদেশে দায়িত্ব পালনকালে তার কর্মকাণ্ড এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের চীন সফর সফল করতে তার অবদানের কথাও উল্লেখ করেন তিনি।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইয়াও ওয়েনের দায়িত্বকালেই বাংলাদেশ-চীন সম্পর্ক ‘শেয়ার্ড কমিউনিটি’ পর্যায়ে উন্নীত হয়েছে। এ সময়ে স্টেট মিনিস্টার পর্যায়ের ‘টু প্লাস টু’ ব্যবস্থাসহ বিভিন্ন নতুন প্রাতিষ্ঠানিক সহযোগিতা কাঠামো চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে তিন বছর নয় মাস দায়িত্ব পালন করা তার জন্য অত্যন্ত সম্মানের বিষয়। জাতিসংঘ সাধারণ পরিষদের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানান তিনি এবং এটিকে বাংলাদেশের জন্য গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
বাংলাদেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় চীন ভবিষ্যতেও সহযোগিতা অব্যাহত রাখবে বলে জানান ইয়াও ওয়েন। একই সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর এ বছরের শেষ দিকে বাংলাদেশ সফরের আগ্রহের কথাও জানান তিনি।
সাক্ষাৎ শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বাংলাদেশ-চীন সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার ও সম্প্রসারিত হবে বলে আশা প্রকাশ করেন। দায়িত্ব পালনকালে অবদানের জন্য ইয়াও ওয়েনকে ধন্যবাদ জানিয়ে তার নতুন দায়িত্বের সাফল্য কামনা করেন তিনি।










