জাতিসংঘ সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনে যোগ দিতে নিউ ইয়র্কের উদ্দেশে রওনা দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সকালে তেহরান থেকে বিমানে চড়ার আগে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। এ সময় আন্তর্জাতিক অঙ্গনে ইরানের অবস্থান ও অধিকার নিয়ে কঠোর বার্তা দেন দেশটির প্রেসিডেন্ট।
পেজেশকিয়ান বলেন, আন্তর্জাতিক মহলে ইরান তার অধিকার ও নিজস্ব অবস্থান থেকে একচুলও সরে আসবে না। বরং জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে দেশটির অবস্থান আরও জোরালোভাবে তুলে ধরা হবে। তার এ বক্তব্য এমন সময়ে এলো, যখন যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের দীর্ঘদিনের রাজনৈতিক ও কূটনৈতিক টানাপোড়েন অব্যাহত রয়েছে।
হরমুজ প্রণালি ঘিরে সাম্প্রতিক উত্তেজনা এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়েও সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন পেজেশকিয়ান। এ বিষয়ে তিনি বলেন, কোনো স্বাধীন জাতিকে চাপ প্রয়োগ বা শক্তি প্রয়োগ করে দমিয়ে রাখা সম্ভব নয়। ইরানের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের প্রশ্নে দেশটি নিজের অবস্থান ধরে রাখবে বলেও তিনি ইঙ্গিত দেন।
ইরানের প্রেসিডেন্টের নিউ ইয়র্ক সফরকে ঘিরে কূটনৈতিক মহলেও আগ্রহ তৈরি হয়েছে। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের পাশাপাশি ইরানের বক্তব্যও গুরুত্ব পাবে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক, আঞ্চলিক নিরাপত্তা এবং হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে ইরানের অবস্থান আন্তর্জাতিক আলোচনায় আসতে পারে।
এদিকে সফরের সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকা ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ইতোমধ্যে নিউ ইয়র্কে পৌঁছেছেন। তিনি সোমবার সেখানে অবতরণ করেন। জাতিসংঘে ইরানের প্রতিনিধিদলের বিভিন্ন কার্যক্রমের সমন্বয় এবং কূটনৈতিক বৈঠকের প্রস্তুতিতে তিনি ভূমিকা রাখছেন।
সফরের আগে পেজেশকিয়ানের বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে, জাতিসংঘের অধিবেশনে ইরান নিজেদের জাতীয় স্বার্থ ও আন্তর্জাতিক অবস্থানকে গুরুত্ব দিয়ে বক্তব্য তুলে ধরতে যাচ্ছে। তবে সফর চলাকালে কী ধরনের কূটনৈতিক আলোচনা বা বৈঠক হয়, সেটিই এখন আন্তর্জাতিক মহলের অন্যতম আগ্রহের বিষয়।
সূত্র: এবিসি নিউজ










