নওগাঁর বদলগাছীতে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে প্রথম দফায় গ্রেপ্তার করতে ব্যর্থ হওয়ার অভিযোগে উপপরিদর্শক (এসআই) অসিত কুমারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। পরে ওই নেতাকে গ্রেপ্তার করা হলেও তার প্রত্যাহারের আদেশ বহাল রয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বদলগাছী উপজেলার কোলা ইউনিয়নের আক্কেলপুর গ্রামের রাকিবুল হাসানকে গ্রেপ্তারের জন্য প্রথমে ভান্ডারপুর বাজারে অভিযান চালানো হয়। সেখানে তাকে আটক করার চেষ্টা করা হলেও তিনি মোটরসাইকেলে করে চলে যান। পরে রাতে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
রাকিবুলকে স্থানীয়ভাবে নিষিদ্ধ ঘোষিত বদলগাছী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি হিসেবে পরিচয় দেওয়া হয়েছে। তার বিরুদ্ধে সিআর মামলা নম্বর ২২২/২৫ এ গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এর মধ্যে অভিযোগ ওঠে, প্রথম দফায় রাকিবুলকে আটক করার পর টাকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছিল। তবে এসআই অসিত কুমার এ অভিযোগের বিষয়ে বলেন, এমন একটি অভিযোগ তার বিরুদ্ধে করা হয়েছিল। তিনি দাবি করেন, পরে তিনিই রাকিবুলকে গ্রেপ্তার করেন।
বদলগাছী থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান, প্রথমবার আসামিকে পাওয়ার পরও ছেড়ে আসার অভিযোগ পুলিশ সুপারের কাছে যাওয়ার পর এসআইকে প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়।
তবে নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, প্রথমবার গ্রেপ্তার অভিযানে দায়িত্ব পালনে অসতর্কতার কারণে রাকিবুল পালিয়ে যাওয়ার সুযোগ পান। এ কারণেই এসআই অসিত কুমারকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।
রাকিবুলের মা রেহেনা পারভিন অবশ্য ছেলেকে টাকা নিয়ে ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, পুলিশ তার ছেলেকে বাড়ি থেকে ধরে নিয়ে যায় এবং তিনি কোনো অভিযোগ করেননি।










