ভারতের পশ্চিমবঙ্গে জব্দ করা প্রায় ৩ লাখ ১০ হাজার বোতল নিষিদ্ধ কফ সিরাপ ফেনসিডিল ধ্বংস করা হয়েছে। বুধবার (২৩ সেপ্টেম্বর) কলকাতার নিউটাউনের ইকোপার্কে আয়োজিত এক কর্মসূচিতে এসব বোতলের ওপর নিজেই রোড রোলার চালান পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। জব্দ করা ফেনসিডিলের আনুমানিক বাজারমূল্য ৩১ কোটি রুপি বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
‘নেশামুক্ত ভারত ২০২৯’ কর্মসূচির অংশ হিসেবে বিধাননগর পুলিশ কমিশনারেট এই ধ্বংস কার্যক্রমের আয়োজন করে। অনুষ্ঠানে শুভেন্দু অধিকারী বলেন, পশ্চিমবঙ্গকে মাদকমুক্ত করা তার সরকারের অন্যতম প্রধান অগ্রাধিকার। মাদকের অবৈধ কারবার ও উৎপাদনের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
রাজ্য পুলিশ, সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ, স্পেশাল টাস্কফোর্স (এসটিএফ), নারকোটিকস কন্ট্রোল ব্যুরোসহ বিভিন্ন সংস্থার অভিযানে এসব নিষিদ্ধ কফ সিরাপ জব্দ করা হয়েছিল। মুখ্যমন্ত্রী জানান, মাদকবিরোধী অভিযানে একাধিক সংস্থা সমন্বিতভাবে কাজ করছে।
এর আগে গত ২ সেপ্টেম্বর পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে প্রায় ২ লাখ বোতল নিষিদ্ধ কফ সিরাপ ধ্বংসের কর্মসূচিতেও অংশ নিয়েছিলেন শুভেন্দু। সেখানেও তিনি রোড রোলার চালিয়ে জব্দ করা বোতল ধ্বংস করেন।
শুভেন্দু বলেন, মাদকাসক্তির প্রভাব শুধু ব্যক্তির ওপর নয়, পরিবার ও সমাজের ওপরও পড়ে। মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে বলেও জানান তিনি।










