বগুড়ার শাজাহানপুরে মাইক্রোবাস ও ভুট্টাবাহী ট্রাকের সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় মাইক্রোবাসে থাকা আরও সাত যাত্রী আহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-রংপুর মহাসড়কের নয়মাইল বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার গোপিনাথপুর গ্রামের ফেরদৌস মন্ডল (২৫) এবং একই উপজেলার বারইল গ্রামের জুবায়েদুল ইসলাম (৩০)। ফেরদৌস মাইক্রোবাসটির চালক ছিলেন।
হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিদেশফেরত এক যাত্রী সাতজন স্বজনকে সঙ্গে নিয়ে মাইক্রোবাসে করে জয়পুরহাটের আক্কেলপুরে যাচ্ছিলেন। নয়মাইল এলাকায় পৌঁছালে মাইক্রোবাসটি ভুল করে মহাসড়কের বিপরীত লেনে উঠে যায়। এ সময় বিপরীত দিক থেকে আসা ভুট্টাবাহী একটি ট্রাকের সঙ্গে সেটির সংঘর্ষ হয়।
সংঘর্ষে মাইক্রোবাসটি দুমড়ে-মুচড়ে যায়। ঘটনাস্থলেই চালক ফেরদৌস মন্ডল ও যাত্রী জুবায়েদুল ইসলাম মারা যান। আহত সাতজনকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে।
শাজাহানপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নিহতদের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।










