ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের ‘ক্লান্তিহীন প্রচেষ্টার’ প্রশংসা করে হাতে লেখা একটি চিঠি দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনি। বুধবার (২৩ সেপ্টেম্বর) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
আইআরজিসির অ্যারোস্পেস ফোর্সের কমান্ডারের উদ্দেশে লেখা চিঠিতে মোজতবা খামেনি বাহিনীর সদস্যদের নিরলস পরিশ্রমের প্রশংসা করেন। তিনি উল্লেখ করেন, সংশ্লিষ্টরা নিজেদের ও সহযোদ্ধাদের অক্লান্ত প্রচেষ্টার কথা খুব কমই তুলে ধরেন। তাঁর মতে, সৎ ও নিষ্ঠাবান মানুষের স্বভাবই এমন।
হাতে লেখা ওই বার্তায় খামেনি আরও বলেন, ঐশ্বরিক করুণা ও প্রজ্ঞার মাধ্যমে নিষ্ঠাবান ব্যক্তিদের কাজের ফল তাদের প্রতি ভালোবাসা, সম্মান ও বরকত হিসেবে ফিরে আসে। তিনি আশা প্রকাশ করেন, আল্লাহ তাদের বিজয় দান করবেন।
ইরনার প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের কর্মকাণ্ডের প্রতি প্রশংসা ও সমর্থন জানাতেই এই বার্তা পাঠানো হয়েছে।
মোজতবা খামেনির এই হাতে লেখা চিঠির খবর এমন সময়ে সামনে এলো, যখন ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক ও কূটনৈতিক তৎপরতা অব্যাহত রয়েছে। আইআরজিসির অ্যারোস্পেস ফোর্স ইরানের সামরিক কাঠামোর গুরুত্বপূর্ণ একটি অংশ হিসেবে বিবেচিত হয়।
চিঠিতে খামেনি বিশেষভাবে বাহিনীর সদস্যদের নিষ্ঠা ও পরিশ্রমের প্রশংসা করেছেন এবং তাদের কাজের জন্য আল্লাহর পক্ষ থেকে সম্মান, বরকত ও বিজয়ের প্রত্যাশা ব্যক্ত করেছেন।










