জামায়াতে ইসলামীকে ‘অকৃতজ্ঞ’ দল হিসেবে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রামের বাঁশখালীতে বন্যাদুর্গত পরিবারের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
মীর শাহে আলম বলেন, ২০০১ সালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জামায়াতের দুই নেতাকে মন্ত্রী করেছিলেন। তার দাবি, ওই সময় তাদের ‘রাজাকারের তকমা’ দূর করার চেষ্টা করা হয়েছিল। তবে জামায়াত এখন সেই বিষয়গুলো ভুলে গেছে বলে মন্তব্য করেন তিনি।
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়েও কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি দাবি করেন, সরকার দুই-তৃতীয়াংশ ভোটে নির্বাচিত হলেও দায়িত্ব নেওয়ার ছয় মাসের মধ্যে সরকার পতনের হুমকি দেওয়া হচ্ছে।
আগামী বছরের জানুয়ারিতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি। এ জন্য বিএনপির নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার এবং জনগণের সঙ্গে কাজ করার আহ্বান জানান। উপজেলা নির্বাচনে বিএনপি একক প্রার্থীকে সমর্থন দেবে এবং বিরোধিতা বা বিদ্রোহী প্রার্থিতার ক্ষেত্রে দলীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।
এনসিপি ও জামায়াতের সঙ্গে আওয়ামী লীগের পুরোনো সম্পর্ক রয়েছে বলেও দাবি করেন মীর শাহে আলম। তার বক্তব্য, বর্তমানে তাদের কিছু রাজনৈতিক কর্মকাণ্ড আওয়ামী লীগকে সুবিধা দিতে পারে।
অনুষ্ঠানে তিনি ১১ দলীয় জোটের নেতাদের রাজনৈতিক বক্তব্যেরও সমালোচনা করেন। পাশাপাশি বিএনপি কোনো পক্ষের হুমকিকে গুরুত্ব দেয় না বলে মন্তব্য করেন।
অনুষ্ঠানে জানানো হয়, জুলাইয়ের বন্যায় বাঁশখালীতে প্রায় ১২ হাজার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়। এর মধ্যে ৫১০টি ক্ষতিগ্রস্ত পরিবারকে ঘর নির্মাণের জন্য জেলা পরিষদের পক্ষ থেকে ৩০ হাজার টাকা করে দেওয়া হয়।










