ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দিতে যাত্রীবাহী একটি স্লিপার বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বাসটিতে প্রায় ৩০ থেকে ৩৫ জন যাত্রী ছিলেন।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে দাউদকান্দি উপজেলার ভেকিনগর এলাকায় ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে।
দাউদকান্দি হাইওয়ে পুলিশ জানায়, দ্রুতগতির রয়েল পরিবহনের স্লিপার কোচটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের মাঝখানে উল্টে যায়। এতে বাসটি সড়কের ওপর আড়াআড়িভাবে পড়ে থাকায় যান চলাচল ব্যাহত হয় এবং মহাসড়কে যানজটের সৃষ্টি হয়।
দুর্ঘটনায় আহত অন্তত ১৫ যাত্রীকে উদ্ধার করে গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, আহতদের মধ্যে কারও গুরুতর ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
দাউদকান্দি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রেমদাস রায় জানান, দুর্ঘটনার পর দাউদকান্দি ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের দুটি রেকার ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় বাসটি মহাসড়ক থেকে সরিয়ে নেওয়া হয়।
বাসটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।










