রাশিয়ার সেইন্ট পিটার্সবার্গে বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দ্বাদশ সেইন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইউনাইটেড কালচারস ফোরামের আয়োজনে এ সমঝোতা স্বাক্ষর করা হয়।
বাংলাদেশের পক্ষে সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরী সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ চুক্তির মাধ্যমে দুই দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময়, ঐতিহ্য সংরক্ষণ, শিল্পকলা, জাদুঘর, প্রত্নতত্ত্ব ও সৃজনশীল সহযোগিতার সুযোগ আরও সম্প্রসারণের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
অনুষ্ঠানের আগে মিয়ানমারের ধর্ম ও সংস্কৃতিমন্ত্রী ইউ টিন ও লুইন বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দুই দেশের প্রত্নতাত্ত্বিক নিদর্শন, বৌদ্ধ ঐতিহ্য, সাংস্কৃতিক বৈশিষ্ট্য ও ঐতিহাসিক সম্পর্ক নিয়ে আলোচনা হয়।
সাক্ষাতে নিতাই রায় চৌধুরী বাংলাদেশের দীর্ঘ সাংস্কৃতিক ইতিহাস ও ঐতিহ্যের বিভিন্ন দিক তুলে ধরেন। এর মধ্যে প্রত্নতাত্ত্বিক সম্পদ, বাংলা নববর্ষ, লোকজ উৎসব, পাহাড় ও সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর সংস্কৃতি এবং বাংলা সংগীতের বৈচিত্র্যের কথা উল্লেখ করেন তিনি।
ফোরামের দ্বিতীয় দিনে ‘ফোক আর্টিসান ক্রাফটওয়ার্ক রিবুটেড’ শীর্ষক অধিবেশনে বাংলাদেশের লোকশিল্প ও ঐতিহ্যবাহী কারুশিল্প নিয়ে বক্তব্য দেওয়ার কথা রয়েছে সংস্কৃতি মন্ত্রীর। সেখানে দেশের হস্তশিল্পের পুনর্জাগরণ ও আন্তর্জাতিক সম্ভাবনার বিষয় তুলে ধরবেন তিনি।
২৪ থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত চলা আন্তর্জাতিক এ ফোরামে বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। বাংলাদেশের প্রতিনিধি দল এতে অংশ নিয়ে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য আন্তর্জাতিক পরিসরে তুলে ধরছে।










