রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্রাউনফিশ স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় ভাসানটেক থানা যুবলীগের সহসভাপতি শাহ আলম অনিককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
রোববার (২৭ সেপ্টেম্বর) বিকেলে ক্যান্টনমেন্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় শাহ আলম অনিক সরাসরি জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তাকে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে এ ঘটনায় হামলার মূল পরিকল্পনাকারীসহ চারজনকে গ্রেপ্তারের কথা জানিয়েছিল পুলিশ। তারা হলেন শাহরিয়ার, ভাসানটেক বস্তির মো. মামুন এবং মজুমদার মোড় এলাকার আসলাম ও মুন্না।
ক্যান্টনমেন্ট থানার ওসি মোহাম্মদ গিয়াস উদ্দিন জানান, স্টুডিওর জমির মালিক নিউ গিনি প্রপার্টিজ লিমিটেড এবং এলাকার অন্য জমির মালিকদের মধ্যে বিরোধের জের ধরে হামলার ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিউ গিনি প্রপার্টিজের কাছ থেকে একটি ফ্লোর ভাড়া নিয়ে সালমান মুক্তাদির সেখানে স্টুডিও তৈরি করেছিলেন। শনিবার দিবাগত রাতে দুটি ট্রাকে করে লোকজন এসে স্টুডিওতে হামলা ও ভাঙচুর চালায় বলে অভিযোগ করেন সালমান।
রাত পৌনে ২টার দিকে ব্রাউনফিশ স্টুডিওর ফেসবুক পেজ থেকে লাইভে এসে সালমান জানান, হামলায় পুরো স্টুডিও ধ্বংস করে দেওয়া হয়েছে। পরে তিনি ধারণা করেন, হামলাকারীদের মূল লক্ষ্য ভবনের মালিকপক্ষ হতে পারে।
পুলিশের ভাষ্য অনুযায়ী, জমিতে গেট নির্মাণ করে অন্যদের চলাচলে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বিরোধ তৈরি হয়। সেই বিরোধের জেরেই হামলার ঘটনা ঘটে বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।










