আগামী গ্রীষ্ম মৌসুম শুরুর আগেই জাতীয় বিদ্যুৎ গ্রিডে ৩ থেকে ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সৌরবিদ্যুৎ উৎপাদন ও সম্প্রসারণে সরকার ১ হাজার ৫০০ কোটি টাকার তহবিল বরাদ্দ দিয়েছে বলেও জানান তিনি।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে রাজধানীর বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে প্রথমবারের মতো আয়োজিত দুই দিনব্যাপী ‘বাংলাদেশ সোলার এক্সপো ২০২৬’-এর উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, সূর্যের আলোকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন বাড়াতে হবে। উন্নয়ন সহযোগী ও জনগণ সম্মিলিতভাবে কাজ করলে দেশের বিদ্যুতের চাহিদা পূরণ করা সম্ভব হবে।
তিনি বলেন, বিগত সরকারের সময়ে দেশের জ্বালানি ব্যবস্থা আমদানিনির্ভর হয়ে পড়েছে। তবে আগের সরকারের সিদ্ধান্ত নিয়ে সমালোচনায় সময় ব্যয় না করে বর্তমান সরকার বিকল্প সমাধান খুঁজছে। বৈশ্বিক অস্থিরতার কারণে জ্বালানি খাতে তৈরি হওয়া অনিশ্চয়তা মোকাবিলায় সৌরবিদ্যুৎ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে মন্তব্য করেন তিনি।
প্রধানমন্ত্রী জানান, সৌরবিদ্যুৎ খাতের সম্ভাবনা কাজে লাগাতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে। এ খাতের উন্নয়নে ৬ হাজার কোটি টাকা পৃথকভাবে বরাদ্দ দেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
কৃষি খাতে সৌরবিদ্যুতের ব্যবহার বাড়ানোর পরিকল্পনার কথা তুলে ধরে তারেক রহমান বলেন, আগামী এক বছরের মধ্যে বরেন্দ্র অঞ্চলের ১৭ হাজার সেচপাম্প সৌরবিদ্যুতের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি জেলা ও উপজেলা পর্যায়ে সৌরবিদ্যুৎনির্ভর কৃষি উৎপাদন ব্যবস্থা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে প্রবাসীদের সৌরবিদ্যুৎ খাতে বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে বিদ্যুতের অপচয় রোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল হওয়ার অনুরোধ জানান তিনি।










