এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বৃষ্টির কারণে পাকিস্তান ও হংকংয়ের মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচটি পরিত্যক্ত হয়েছে। জাপানের নিশিনের কোরোগি স্পোর্টস পার্কে সারাদিন বৃষ্টি থাকায় ম্যাচের টসও অনুষ্ঠিত হয়নি।
টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, কোয়ার্টার ফাইনালে ম্যাচ পরিত্যক্ত হলে আইসিসি টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকা দলকে বিজয়ী হিসেবে বিবেচনা করা হয়। সেই নিয়মে হংকংকে পেছনে ফেলে সরাসরি সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান।
সেমিফাইনালে পাকিস্তানের প্রতিপক্ষ হবে বাংলাদেশ অথবা মালয়েশিয়া। বৃহস্পতিবার অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে ম্যাচটি।
এর আগে র্যাঙ্কিংয়ের সুবিধায় পাকিস্তান, ভারত, শ্রীলঙ্কা ও বাংলাদেশের মতো দল সরাসরি কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পেয়েছিল। ফলে পাকিস্তানের জন্য হংকংয়ের বিপক্ষে ম্যাচটি ছিল সেমিফাইনালে ওঠার গুরুত্বপূর্ণ ধাপ। কিন্তু বৃষ্টির কারণে মাঠে বল গড়ানোর আগেই ম্যাচের ভাগ্য নির্ধারিত হয়ে যায়।
অন্যদিকে ‘বি’ গ্রুপ থেকে মালয়েশিয়াকে ৮ উইকেটে হারিয়ে এবং ওমানের কাছে ৪১ রানে হেরে দ্বিতীয় দল হিসেবে কোয়ার্টার ফাইনালে উঠেছিল হংকং।
পাকিস্তান ও হংকংয়ের টি-টোয়েন্টি ক্রিকেটে এর আগে দুইবার দেখা হয়েছিল। ২০২২ সালের এশিয়া কাপ এবং ২০২৩ সালের এশিয়ান গেমসে দুই ম্যাচেই পাকিস্তান জয় পেয়েছিল।
এবারও মাঠে খেলার সুযোগ না পেলেও নিয়মের কারণে সেমিফাইনালে উঠে গেল পাকিস্তান। এখন বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনাল হলে দুই দলের লড়াই নিয়ে ক্রিকেটপ্রেমীদের আগ্রহ তৈরি হয়েছে।










