কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় সহমর্মিতা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন। একই সঙ্গে ঘটনায় জড়িতদের যথাযথ শাস্তি এবং সালমান মুক্তাদির ন্যায়বিচার পাবেন বলে আশ্বাস দিয়েছেন তিনি।
রোববার (২৭ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে রাশেদ খাঁন এসব কথা জানান। সেখানে তিনি হামলার পেছনে জমি নিয়ে বিরোধের একটি ব্যাখ্যা তুলে ধরেন।
রাশেদ খাঁনের দাবি, নিউ গিনি প্রোপার্টিজ লিমিটেডের সঙ্গে সংলগ্ন কয়েকজন জমির মালিকের বিরোধের জেরে ওই এলাকায় ভাঙচুরের ঘটনা ঘটে। তার বক্তব্য অনুযায়ী, নিউ গিনি প্রোপার্টিজের স্থাপিত কয়েকটি গেট নিয়ে স্থানীয় জমির মালিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছিল।
তিনি বলেন, গেট ভাঙার সময় হামলাকারীরা নিউ গিনি প্রোপার্টিজের সম্পদ মনে করে ভুলবশত সালমান মুক্তাদিরের স্টুডিওতেও ভাঙচুর চালায়। ঘটনাটিকে অনাকাঙ্ক্ষিত উল্লেখ করে তিনি বলেন, বিরোধের ক্ষেত্রে সংশ্লিষ্টরা চাইলে আইনের আশ্রয় নিতে পারতেন।
এর আগে সালমান মুক্তাদিরের পক্ষ থেকে হামলাটি চাঁদাবাজির সঙ্গে সম্পর্কিত বলে অভিযোগ করা হয়েছিল। তবে পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে জমি সংক্রান্ত বিরোধের বিষয়টি সামনে এসেছে এবং চাঁদাবাজির কোনো ঘটনা পাওয়া যায়নি।
রাশেদ খাঁন আরও দাবি করেন, ওই বিরোধের সঙ্গে বিএনপি বা কোনো রাজনৈতিক সম্পৃক্ততা নেই। পাশাপাশি তিনি সালমান মুক্তাদিরকে পুরো ঘটনা জানার পর মন্তব্য করার আহ্বান জানান।
এ ঘটনায় মূল পরিকল্পনাকারীসহ কয়েকজনকে গ্রেপ্তারের তথ্যও জানিয়েছে পুলিশ। হামলার কারণ ও সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা নিয়ে তদন্ত অব্যাহত রয়েছে।








