কক্সবাজারের চকরিয়ায় কাকারা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইসফাতুল ইসলাম জিসানকে (২৮) অপহরণের পর হত্যা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। অপহরণের প্রায় চার ঘণ্টা পর চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের কচ্ছপিয়া ঢালা এলাকা থেকে হাত পা বাঁধা অবস্থায় তার মরদেহ উদ্ধার করে পুলিশ। মরদেহে বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানা গেছে।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ১১টার দিকে কাকারা মাঝের স্টেশনের একটি দোকানের সামনে থেকে জিসানকে একটি সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে যায় অজ্ঞাতপরিচয় কয়েকজন ব্যক্তি বলে জানিয়েছে পরিবার ও স্থানীয় সূত্র।
পরিবারের অভিযোগ, অপহরণের পর জিসানকে চকরিয়া পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের সবুজবাগ এলাকার একটি ভবনে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে নির্যাতনের পর হত্যা করে মরদেহ মহাসড়কের পাশে ফেলে রাখা হয় বলে পরিবারের দাবি।
চকরিয়া থানার অপারেশন অফিসার ইসমাইল হোসেন মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া ও ময়নাতদন্ত শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
এদিকে জিসান হত্যার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন চকরিয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রেজাউল করিম বাপ্পি। তিনি জড়িতদের দ্রুত শনাক্ত ও গ্রেপ্তারের দাবি জানিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, ২৪ ঘণ্টার মধ্যে অপরাধীদের গ্রেপ্তার করা না হলে ছাত্রদল সাধারণ ছাত্রদের সঙ্গে নিয়ে আন্দোলনে নামার কর্মসূচি দিতে পারে।
ঘটনার কারণ এবং হত্যাকাণ্ডে কারা জড়িত, তা এখনো নিশ্চিত হয়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।










