ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের আলামত নিষ্পত্তি শাখায় দায়িত্ব পালন করা এক পুলিশ সদস্যকে ১ হাজার ৭৯০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার মো. রেজাউল করিম (৪৫) ওই শাখার কনস্টেবল হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পুলিশ জানায়, রোববার (২৭ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর সূত্রাপুর থানার ২৮ নম্বর ওয়ার্ডের ‘বিসমিল্লাহ বিরানি ঘর’ নামের একটি দোকানে অভিযান চালায় সিআইডি ঢাকা মেট্রো দক্ষিণের একটি বিশেষ অভিযানকারী দল। এ সময় পালানোর চেষ্টা করলে রেজাউল করিমকে আটক করা হয়।
পরে তার পরনের প্যান্টের পকেট তল্লাশি করে ১৭৯ গ্রাম ওজনের ১ হাজার ৭৯০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। পুলিশের দাবি, উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৫ লাখ ৩৭ হাজার টাকা।
অভিযানের সময় মাদক বিক্রির নগদ ৫ হাজার ৫০০ টাকা এবং একটি ভিভো স্মার্টফোনও জব্দ করা হয়েছে।
ডিএমপির প্রসিকিউশন বিভাগ সূত্রে সোমবার (২৮ সেপ্টেম্বর) এসব তথ্য জানানো হয়। এ ঘটনায় ডিএমপির পরিদর্শক মো. কামরুজ্জামান বাদী হয়ে সোমবার সূত্রাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেছেন।
পুলিশের আলামত নিষ্পত্তি শাখায় দায়িত্ব পালন করা অবস্থায় রেজাউল করিমের ইয়াবাসহ গ্রেপ্তারের ঘটনায় বিষয়টি নিয়ে প্রশ্ন উঠেছে। তবে তিনি কীভাবে মাদক সংগ্রহ করেছেন বা এর সঙ্গে অন্য কেউ জড়িত কি না, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানায়নি পুলিশ।
ডিএমপির প্রসিকিউশন বিভাগ জানিয়েছে, গ্রেপ্তার রেজাউল করিমকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডে নেওয়ার প্রস্তুতি চলছে। মামলাটি তদন্তের মাধ্যমে মাদক সংশ্লিষ্টতার বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হবে।










