বাংলা কিউআর ব্যবহার করে পণ্য ও সেবার মূল্য গ্রহণের ক্ষেত্রে বিক্রেতার কাছ থেকে নেওয়া ১ শতাংশ মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে বৃহস্পতিবার (১ অক্টোবর) থেকে বাংলা কিউআরে লেনদেনের জন্য বিক্রেতাকে এই মাশুল দিতে হবে না।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান। তিনি বলেন, বাংলা কিউআর ব্যবস্থাকে আরও সুশৃঙ্খল ও টেকসই করার লক্ষ্যেই ১ শতাংশ এমডিআর স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
আরিফ হোসেন খান জানান, দেশের সর্বস্তরের মানুষের জন্য একটি টেকসই ডিজিটাল অর্থনীতি গড়ে তুলতে নিরাপদ, সহজ ও অন্তর্ভুক্তিমূলক আন্তঃডিজিটাল পেমেন্ট ব্যবস্থা প্রয়োজন। এই লক্ষ্যেই বাংলাদেশ ব্যাংক বাংলা কিউআর চালু করেছে।
কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, বর্তমানে প্রায় ৪০ লাখ মার্চেন্ট বাংলা কিউআর ব্যবহার করছেন। গত জুনে একক বাংলা কিউআর ব্যবহার বাধ্যতামূলক করার পর এই মাধ্যমে লেনদেনের সংখ্যা প্রায় সাড়ে তিন গুণ বেড়েছে। একই সময়ে লেনদেনের আর্থিক মূল্যও বেড়েছে প্রায় পাঁচ গুণ।
এদিকে আগামী ১ নভেম্বর থেকে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর চালু করা হবে। ওই দিন থেকে বাংলা কিউআর কোডভিত্তিক পার্সন-টু-পার্সন (পিটুপি) লেনদেন শুরু হবে।
বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগের ফলে ব্যক্তি পর্যায়েও বাংলা কিউআর ব্যবহার করে আন্তঃলেনদেন আরও সহজ হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র। পাশাপাশি বিক্রেতাদের ওপর লেনদেনসংক্রান্ত অতিরিক্ত খরচ না থাকায় বাংলা কিউআর ব্যবহারে আগ্রহ আরও বাড়বে বলে আশা করা হচ্ছে।










