রাজধানীর দারুসসালাম থানার গাবতলী এলাকায় ছুরিকাঘাতে নিহত অজ্ঞাতনামা এক রিকশাচালকের পরিচয় শনাক্ত করতে সহযোগিতা চেয়েছে পুলিশ। নিহত যুবকের বয়স আনুমানিক ২০ বছর। সিআইডি ও পিবিআইয়ের সহায়তায় পরিচয় শনাক্তের চেষ্টা করা হলেও এখনো তার নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি।
মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে গাবতলীর আল্লাহর দান হোটেলের সামনে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, হোটেলের সামনে ওই রিকশাচালকের সঙ্গে দুই ব্যক্তির বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে তিনি সেখান থেকে চলে যেতে চাইলে ওই দুজন তাকে আবার ডেকে নেন। পরে কথাবার্তার একপর্যায়ে তার পিঠে ছুরিকাঘাত করে তারা পালিয়ে যায়।
খবর পেয়ে দারুসসালাম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত রিকশাচালককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজে নিহত যুবকের সঙ্গে দুই ব্যক্তির বাগ্বিতণ্ডা এবং পরে তাকে ডেকে নেওয়ার দৃশ্য দেখা গেছে। পুলিশের ধারণা, ছুরিকাঘাতকারী ব্যক্তিরা নিহত যুবকের পরিচিত হতে পারেন।
পুলিশের তথ্য অনুযায়ী, নিহত যুবক প্রায় এক মাস আগে পাবনা থেকে ঢাকায় এসেছিলেন। দারুসসালাম এলাকার একটি গ্যারেজ থেকে পায়ে চালিত রিকশা ভাড়া নিয়ে চালাতেন তিনি। তবে গ্যারেজে নিয়মিত যাতায়াত করতেন না এবং রাতে বাইরে থাকতেন বলে জানা গেছে।
দারুসসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল হোসেন জানান, নিহতের পরিচয় শনাক্তের জন্য সিআইডি ও পিবিআইয়ের সহায়তা নেওয়া হয়েছে। ধারণা করা হচ্ছে, তার জাতীয় পরিচয়পত্র ছিল না। মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। পরিচয় শনাক্ত হলে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগ জানিয়েছে, নিহত যুবকের পরিচয় শনাক্তে স্থানীয় বাসিন্দাসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা চাওয়া হয়েছে। কেউ তার পরিচয় সম্পর্কে তথ্য জানলে দারুসসালাম থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. নাজমুল হাসান খাঁন অথবা তদন্তকারী কর্মকর্তা এসআই মো. তরিকুল ইসলামের সঙ্গে যোগাযোগ করতে বলা হয়েছে।










