জ্বালানি তেলের দাম সমন্বয়ের পরিপ্রেক্ষিতে নৌপথে যাত্রী পরিবহনের ভাড়া বাড়িয়েছে সরকার। এ বিষয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের টিএ শাখা থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে। নতুন ভাড়ার হার গত ২৪ সেপ্টেম্বর ২০২৬ থেকে কার্যকর বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ছন্দা পালের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন (নৌরুট, পারমিট, সময়সূচি ও ভাড়া নির্ধারণ) বিধিমালা, ২০১৯’-এর ২৭ বিধি অনুযায়ী নৌযানে যাত্রী পরিবহনের ক্ষেত্রে নতুন ভাড়া নির্ধারণ করা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রথম ১০০ কিলোমিটার পর্যন্ত নৌপথে যাত্রীপ্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৯৫ পয়সা থেকে ২২ পয়সা বাড়িয়ে ৩ টাকা ১৭ পয়সা করা হয়েছে। আর প্রথম ১০০ কিলোমিটারের পরবর্তী দূরত্বের জন্য প্রতি কিলোমিটার ভাড়া ২ টাকা ৫২ পয়সা থেকে ১৯ পয়সা বাড়িয়ে ২ টাকা ৭১ পয়সা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া নৌপথে চলাচলের সর্বনিম্ন ভাড়াও বাড়ানো হয়েছে। জনপ্রতি সর্বনিম্ন ভাড়া ৩২ টাকা থেকে ৩ টাকা বাড়িয়ে ৩৫ টাকা করা হয়েছে।
প্রজ্ঞাপনে যাত্রীদের সুবিধার্থে নতুন ভাড়ার তালিকা দেশের সব নদীবন্দর টার্মিনাল এবং সংশ্লিষ্ট নৌযানের দৃশ্যমান স্থানে প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নৌযানের ভাড়া নির্ধারণসংক্রান্ত আগের সব প্রজ্ঞাপন ও আদেশ বাতিল করা হয়েছে।










