প্রধানমন্ত্রী তারেক রহমান এক দিনের সফরে ফেনীর উদ্দেশে ঢাকা ছেড়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার পর রাজধানীর গুলশানের বাসা থেকে তাঁর গাড়িবহর সড়কপথে ফেনীর উদ্দেশে রওনা হয়। সফর শেষে সন্ধ্যায় তাঁর ঢাকায় ফেরার কথা রয়েছে।
বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রীর ফেনী সফরের বিষয়টি জানানো হয়। এতে বলা হয়েছে, বিভিন্ন প্রকল্প উদ্বোধন ও একাধিক কর্মসূচিতে অংশ নিতে তিনি ফেনী যাচ্ছেন।
সফরকালে প্রধানমন্ত্রী জেলার পরশুরাম ও ফুলগাজী উপজেলায় বন্যা নিয়ন্ত্রণ প্রকল্প উদ্বোধন করবেন। পাশাপাশি বৃক্ষরোপণ, রুফটপ সোলার থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ কার্যক্রম, ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ড বিতরণসহ বিভিন্ন কর্মসূচিতে অংশ নেওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রী তারেক রহমানের নানা এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাবা ইস্কান্দার মজুমদারের গ্রামের বাড়ি ফেনীর ফুলগাজী উপজেলায়। এ কারণে ফেনীকে তাঁর নানাবাড়ির জেলা হিসেবে উল্লেখ করা হয়েছে।
ফুলগাজীসহ তিনটি উপজেলা নিয়ে গঠিত ফেনী-১ আসন থেকে খালেদা জিয়া পাঁচবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন। সফরকে ঘিরে ফেনীর বিভিন্ন এলাকায় প্রধানমন্ত্রীর কর্মসূচি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে সংশ্লিষ্টদের প্রস্তুতি রয়েছে।










