ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বুধবার (৩০ সেপ্টেম্বর) ইসরায়েলি বাহিনীর একাধিক হামলায় একজন সাংবাদিকসহ অন্তত আটজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজার সরকারি মিডিয়া অফিসের তথ্য অনুযায়ী, নিহতদের মধ্যে সাংবাদিক মুহাম্মদ আবদেল আজিজ আল নাজ্জারও রয়েছেন। আল জাজিরাও তার নিহত হওয়ার তথ্য নিশ্চিত করেছে।
গাজা সিটির দক্ষিণ-পশ্চিমে তাল আল-হাওয়া এলাকায় একটি যাত্রীবাহী ভ্যানে ড্রোন হামলায় ছয়জন নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্র জানিয়েছে। এ ঘটনায় ১৩ জন আহত হন। ফিলিস্তিন রেড ক্রিসেন্ট সোসাইটির কর্মীরা আহতদের আল-কুদস হাসপাতালে নিয়ে যান। চিকিৎসা সূত্র জানিয়েছে, আহতদের কয়েকজনের অবস্থা গুরুতর।
আল জাজিরার সাংবাদিক হিন্দ খুদারি জানান, গাজার স্বাস্থ্য ব্যবস্থা দীর্ঘদিনের হামলা ও অবরোধে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় আহতদের চিকিৎসা দেওয়া কঠিন হয়ে পড়েছে। ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ ছাড়া গাজা সিটির আল শিফা হাসপাতালের কাছে একটি আবাসিক ভবনে হামলায় এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। দক্ষিণ গাজার বাস্তুচ্যুতদের একটি আশ্রয়কেন্দ্রে ড্রোন হামলায় দুই শিশুসহ চারজন আহত হয়েছেন। দেইর আল বালাহে দুজন গুরুতর আহত হওয়ার পাশাপাশি খান ইউনিসে ট্যাংক থেকে গোলাবর্ষণের খবরও পাওয়া গেছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে নয়টি মরদেহ আনা হয়েছে। এর মধ্যে আটজন সাম্প্রতিক হামলায় নিহত এবং একজন নারী আগের আঘাতে মারা গেছেন। তথাকথিত যুদ্ধবিরতি শুরুর পর থেকে গাজায় নিহতের সংখ্যা অন্তত ১ হাজার ৪৩১ জনে দাঁড়িয়েছে। আহত হয়েছেন ৫ হাজার ২২৬ জন।
স্বাস্থ্য কর্মকর্তাদের হিসাবে, ২০২৩ সালের অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় অন্তত ৭৪ হাজার ৩২ জন নিহত এবং ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন আহত হয়েছেন। জাতিসংঘের বিশ্লেষণ অনুযায়ী, যুদ্ধবিরতির পরও গাজায় ধ্বংসপ্রাপ্ত স্থাপনার সংখ্যা বেড়েছে এবং প্রায় ৮২ শতাংশ স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।










