অনুমোদিত সীমার বাইরে গোপন গুদামে শুল্কমুক্ত মদ মজুত রাখার অভিযোগে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলামের মালিকানাধীন ‘টস বন্ড প্রাইভেট লিমিটেড’-এর চারটি ওয়্যারহাউস সিলগালা করেছে যৌথ তদন্ত দল।
বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে রাজধানীর দক্ষিণ গুলশানে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-১-এর (এসআরবি-১) যৌথ অভিযানে এসব ওয়্যারহাউস সিলগালা করা হয়।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, রাত সাড়ে ১০টা থেকে ভোর সাড়ে ৪টা পর্যন্ত চলা অভিযানে প্রতিষ্ঠানটির ডিপ্লোম্যাটিক ওয়্যারহাউস কার্যক্রমে বেশ কিছু অসংগতি পাওয়া যায়। নথিপত্র অনুযায়ী প্রতিষ্ঠানটির অনুমোদিত ওয়্যারহাউস ছিল দুটি। তবে সরেজমিনে গিয়ে তদন্ত দল মোট চারটি গুদামে পণ্য মজুতের তথ্য পায়।
এনবিআর জানিয়েছে, বন্ড সুবিধায় আমদানি করা শুল্কমুক্ত পণ্য অনুমোদনের বাইরে সরিয়ে নেওয়া বা খোলাবাজারে বিক্রির আশঙ্কা এবং তদন্তের স্বার্থে অনুমোদিত দুটি গুদামসহ মোট চারটি ওয়্যারহাউস তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়েছে।
গোয়েন্দা সূত্রের বরাতে জানা গেছে, টস বন্ড বাংলাদেশে কর্মরত বিদেশি কূটনীতিকদের জন্য শুল্কমুক্ত অ্যালকোহল সরবরাহের লাইসেন্সপ্রাপ্ত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে শুল্কমুক্ত মদ খোলাবাজারে বিক্রির অভিযোগ তদন্ত করছিল এনবিআর।
এদিকে নুর ইসলাম ও তার পরিবারের আর্থিক লেনদেন নিয়েও সংশ্লিষ্ট সংস্থাগুলো অনুসন্ধান চালিয়েছে বলে জানা গেছে। তদন্তসংশ্লিষ্টদের দাবি, কানাডায় পরিবারের সদস্যদের নাগরিকত্ব ও কয়েকটি কোম্পানির মালিকানাসহ বিভিন্ন আর্থিক তথ্য পাওয়া গেছে। ২০১২ থেকে ২০২২ সাল পর্যন্ত ১৬৩টি আর্থিক প্রতিবেদন পর্যালোচনায় এক বছরে প্রায় ৯৫ কোটি টাকা রেমিট্যান্স আনার তথ্যও পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
তদন্ত কর্মকর্তারা বলছেন, ওয়্যারহাউস সিলগালা করার অভিযানটি সালমান মুক্তাদিরকে ঘিরে সাম্প্রতিক ঘটনাবলির সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়। নুর ইসলামের ব্যবসা ও করসংক্রান্ত বিষয় নিয়ে বিভিন্ন সংস্থা আগে থেকেই অনুসন্ধান চালাচ্ছিল বলে তাদের দাবি।
এর আগে দক্ষিণ মানিকদীর নিউ গিনি আবাসন প্রকল্পে হামলার ঘটনায় মামলা হয় এবং পুলিশ কয়েকজনকে গ্রেপ্তার করে। পরে সালমান মুক্তাদিরের ব্যক্তিগত ব্যাংক হিসাবের তথ্যও তলব করে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)। এর পরদিনই তার শ্বশুরের প্রতিষ্ঠানের চারটি ওয়্যারহাউসে যৌথ অভিযান চালিয়ে সেগুলো সিলগালা করা হয়।










