ধর্মকে ব্যবহার করে রাষ্ট্র পরিচালনা করা যায় না বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেছেন, বিএনপি কারও ভোট ছিনতাই করেনি এবং জনগণকে বেহেশতে যাওয়ার টিকিট দেওয়ার রাজনীতিও করে না।
বৃহস্পতিবার (১ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে প্রগতিশীল জাতীয়তাবাদী দল (পিএনপি) আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান। তিনি বলেন, দেশের অস্তিত্ব নিয়ে কোনো প্রশ্ন উঠলে শুধু সেনাবাহিনী নয়, দেশের জনগণও ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলবে। একই সঙ্গে দেশের সীমান্ত পরিস্থিতির পাশাপাশি অভ্যন্তরীণ পরিস্থিতি এবং প্রয়োজনে রাজনৈতিক দলগুলোর ভেতরের বিষয়েও নজর রাখার প্রয়োজন রয়েছে বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির ভারপ্রাপ্ত নেতৃত্ব প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, তারেক রহমানের চাটুকারিতা করার প্রয়োজন নেই; বরং তাকে সঠিক পথে রাখার চেষ্টা করা হবে। তবে বর্তমান সময়ে দেশ পরিচালনায় বিএনপিতে তারেক রহমানের কোনো বিকল্প নেই বলেও মন্তব্য করেন তিনি। তার ভাষ্য, জিয়াউর রহমান ও খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে তারেক রহমান দেশকে এগিয়ে নিতে চান।
রাজনৈতিক কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, কেউ লং মার্চ বা শর্ট মার্চ করলে কিংবা রাজনৈতিক বক্তব্য দিলে তাতে বাধা দেওয়ার বিষয় নেই। কেউ দেশে ফিরতে চাইলে তাকেও স্বাগত জানানো উচিত। তবে দেশে ফিরে সংশ্লিষ্ট ব্যক্তিকে আদালতের চলমান কার্যক্রমের মুখোমুখি হতে হবে বলে মন্তব্য করেন তিনি।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক নিয়েও কথা বলেন গয়েশ্বর। এ প্রসঙ্গে তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সমালোচনা করেন এবং ভারতের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে অতীতে নেওয়া বিভিন্ন সিদ্ধান্তের প্রসঙ্গ তুলে ধরেন।
দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন করার যেকোনো দেশি-বিদেশি অপচেষ্টা মোকাবিলায় জনগণকে প্রস্তুত থাকার আহ্বান জানান বিএনপির এই নেতা। পাশাপাশি সব রাজনৈতিক দলকে জনকল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি।
সভায় বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সংসদ সদস্য জয়নুল আবেদিন ফারুকসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।










