টালিউড ও ঢালিউডে পরিচিত মুখ হয়ে উঠেছেন অভিনেত্রী ইধিকা পাল। ছোটপর্দা দিয়ে অভিনয় শুরু করে বড় পর্দায় শাকিব খান ও দেবের মতো তারকাদের সঙ্গে কাজ করেছেন তিনি। তবে অনেকেরই অজানা, ইধিকা পালের আসল নাম ছিল ‘টুম্পা পাল’।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনের বরাতে জানা যায়, ছোটপর্দায় অভিনয়ের শুরুর দিকে ‘আরব্য রজনী’, ‘কপালকুণ্ডলা’ ও ‘রিমলি’সহ বিভিন্ন ধারাবাহিকে টুম্পা পাল নামেই পরিচিত ছিলেন তিনি। পরে বড় পর্দায় নিজের পরিচিতি তৈরি এবং অভিনয়জগতে আলাদা অবস্থান গড়ার পরিকল্পনা থেকে নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেন বলে জানা গেছে।
প্রতিবেদন অনুযায়ী, ‘টুম্পা’ নামটি বেশ প্রচলিত হওয়ায় ইন্ডাস্ট্রিতে আলাদা পরিচিতি তৈরির জন্য ভিন্নধর্মী একটি নাম খুঁজছিলেন অভিনেত্রী। সেই ভাবনা থেকেই ‘ইধিকা’ নামটি বেছে নেন তিনি। এরপর নতুন নামেই অভিনয়জগতে নিজের ক্যারিয়ার এগিয়ে নিতে শুরু করেন।
নাম পরিবর্তনের পর ইধিকা পালের বড় পর্দায় অভিষেক ঘটে। শাকিব খানের সঙ্গে ‘প্রিয়তমা’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে বাংলাদেশের দর্শকদের কাছেও পরিচিতি পান তিনি। এরপর টালিউডের জনপ্রিয় অভিনেতা দেবের সঙ্গেও কাজ করেছেন। দুই বাংলায় ধারাবাহিকভাবে চলচ্চিত্রে কাজ করে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী।
ইধিকার নতুন কাজের তালিকাতেও রয়েছে একাধিক আলোচিত প্রজেক্ট। নির্মাতা সৃজিত মুখোপাধ্যায়ের ‘কুইন ভিক্টোরিয়া ও গোয়েন্দা কানাইচরণ’ চলচ্চিত্রে তাকে দেখা যাবে বলে জানা গেছে।
এ ছাড়া পরিচালক পথিকৃৎ বসুর একটি নতুন সিনেমায় অভিনেতা জিতের বিপরীতে ইধিকা অভিনয় করতে পারেন বলেও আলোচনা রয়েছে। তবে এই প্রকল্পের বিষয়ে এখনো প্রযোজনা প্রতিষ্ঠান বা সংশ্লিষ্ট শিল্পীদের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।
ছোটপর্দার ‘টুম্পা পাল’ থেকে বড় পর্দার ‘ইধিকা পাল’ হয়ে ওঠার এই যাত্রায় নাম পরিবর্তনের সিদ্ধান্ত তার ক্যারিয়ারের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেছে।










