সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি ও বিভিন্ন অনিয়মের অভিযোগে ৩৯টি প্রতিষ্ঠানকে মোট ৪ লাখ ২৬ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (৩ অক্টোবর) ঢাকা মহানগরসহ দেশের ১৬ জেলায় একযোগে এ অভিযান পরিচালনা করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, ডিলার, পাইকারি ও খুচরা পর্যায়ের গ্যাস সিলিন্ডার বিক্রেতাদের বিরুদ্ধে ২৩টি দল এ অভিযান চালায়।
বাজারে গ্যাস সিলিন্ডারের স্বাভাবিক সরবরাহ নিশ্চিত করা, সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি মূল্যে বিক্রি বন্ধ করা এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানের সময় বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন করা হচ্ছে কি না, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ ও ক্রেতাকে দেওয়া হচ্ছে কি না, সিলিন্ডারের নিরাপত্তা বিধি মানা হচ্ছে কি না এবং মেয়াদোত্তীর্ণ সিলিন্ডার বিক্রি করা হচ্ছে কি না, তা যাচাই করা হয়।
এ ছাড়া ব্যবসায়ীদের কৃত্রিম সংকট সৃষ্টি, অযৌক্তিকভাবে গ্যাস সিলিন্ডার মজুত এবং সরবরাহে প্রতিবন্ধকতা তৈরি না করার বিষয়ে সতর্ক করা হয়। দোকান বা প্রতিষ্ঠানের দৃশ্যমান স্থানে হালনাগাদ মূল্যতালিকা প্রদর্শন এবং সরকার নির্ধারিত মূল্যে সিলিন্ডার বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর জানিয়েছে, সিলিন্ডার কেনার সময় ক্রেতাদের ওজন, সিল, মেয়াদ এবং কোনো দৃশ্যমান ত্রুটি আছে কি না, তা পরীক্ষা করা উচিত। পাশাপাশি মূল্যতালিকা দেখে পণ্য কেনার পর বিক্রির রশিদ বা ভাউচার সংগ্রহের পরামর্শ দেওয়া হয়েছে।
গ্যাস সিলিন্ডার বিক্রিতে অনিয়মের শিকার হলে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের হটলাইন ১৬১২১ নম্বরে অভিযোগ জানাতে বলা হয়েছে।
বাজারে শৃঙ্খলা বজায় রাখা এবং ভোক্তাদের ন্যায্যমূল্যে গ্যাস সিলিন্ডার সরবরাহ নিশ্চিত করতে এ ধরনের অভিযান ও তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছে অধিদপ্তর।










