ভারতের উত্তরপ্রদেশে ভোজপুরি সিনেমা ‘ভূতনি কা বদলা’র শুটিং সেটে অগ্নিকাণ্ডের ঘটনায় অল্পের জন্য রক্ষা পেয়েছেন অভিনেত্রী সঞ্জনা পাণ্ডে। দৃশ্যধারণের সময় হঠাৎ আগুন ছড়িয়ে তার পোশাকে আগুন ধরে যায়। তবে সেটে থাকা কলাকুশলীদের দ্রুত তৎপরতায় তিনি নিরাপদে বেরিয়ে আসেন।
টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটির একটি দৃশ্যের প্রয়োজনে আগুন ব্যবহার করা হচ্ছিল। চিত্রনাট্য অনুযায়ী আগুনের মধ্যে দাঁড়িয়ে অভিনয় করছিলেন সঞ্জনা। দৃশ্যধারণ চলার একপর্যায়ে বাতাসের গতি বেড়ে গেলে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
হঠাৎ আগুন ছড়িয়ে পড়ায় সেটে উপস্থিত ইউনিট সদস্যদের মধ্যে আতঙ্ক তৈরি হয়। আগুন দ্রুত অভিনেত্রীর পোশাকেও ছড়িয়ে পড়ে। পরিস্থিতি বুঝতে পেরে শুটিং ইউনিটের কর্মীরা দ্রুত তার কাছে ছুটে যান এবং পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তাৎক্ষণিক পদক্ষেপের কারণে সঞ্জনাকে বড় ধরনের ক্ষতি ছাড়াই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া সম্ভব হয়। ঘটনায় অন্য কেউ আহত হননি বলে জানা গেছে। দুর্ঘটনার পর নিজের নিরাপত্তা নিয়ে স্বস্তি প্রকাশ করেন অভিনেত্রী।
সঞ্জনা বলেন, সিনেমাটির গল্প ও চরিত্রকে যথাযথভাবে দর্শকদের সামনে তুলে ধরতে পুরো টিম আন্তরিকভাবে কাজ করছে। সিনেমাটি মুক্তির পর দর্শক এর গল্প ও অভিনয় উপভোগ করবেন বলেও আশা প্রকাশ করেন তিনি।
‘ভূতনি কা বদলা’ একটি ভোজপুরি হরর-কমেডি চলচ্চিত্র। এতে সঞ্জনা পাণ্ডের পাশাপাশি অভিনয় করছেন অরবিন্দ আকেলা কাল্লু, পূজা গাঙ্গুলী ও মাহী শ্রীবাস্তব।










