সৌদি আরবের পবিত্র নগরী মদিনায় তাইবাহ বিদ্যুৎ বিতরণ কেন্দ্রে ড্রোন হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রোববার (৪ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, মদিনার তাইবাহ বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলা চালানোর ঘটনায় বাংলাদেশ গভীর উদ্বেগ প্রকাশ করছে। মসজিদে নববীকে বিদ্যুৎ সরবরাহকারী গুরুত্বপূর্ণ বেসামরিক অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা ইসলামের পবিত্র স্থানগুলোর মর্যাদার ওপর অগ্রহণযোগ্য আঘাত বলেও উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ সরকার সৌদি আরবের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় পূর্ণ সংহতি প্রকাশ করেছে। পাশাপাশি আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত করে এমন যেকোনো ধরনের আগ্রাসনমূলক কর্মকাণ্ডের বিরোধিতা করেছে ঢাকা।
হামলার জন্য সৌদি নেতৃত্বাধীন জোট ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদের দায়ী করেছে। জোটের দাবি, ড্রোন হামলায় বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রটির একটি ট্রান্সফরমার ক্ষতিগ্রস্ত হয়ে অকেজো হয়ে পড়ে। তবে এর কারণে সৌদি আরবের সামগ্রিক বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায় উল্লেখযোগ্য কোনো প্রভাব পড়েনি বলে দাবি করা হয়েছে।
তবে হামলার অভিযোগ সরাসরি অস্বীকার করেছে হুথি গোষ্ঠী। তাদের পক্ষ থেকে মদিনার ওই বিদ্যুৎকেন্দ্রে কোনো হামলা চালানোর কথা অস্বীকার করা হয়েছে।
মদিনার মতো পবিত্র নগরীতে বেসামরিক স্থাপনায় হামলার অভিযোগকে কেন্দ্র করে ঘটনাটি নিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশ জানিয়েছে, এ ধরনের কর্মকাণ্ড আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি সৃষ্টি করে।










