বিমানবন্দরে সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে করা মামলায় এক দিনের রিমান্ড শেষে জামায়াতে ইসলামীর নেতা মেজর (অব.) আখতারুজ্জামানকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
রোববার (৪ অক্টোবর) বিকেল ৩টার দিকে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলমের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ড শেষে আখতারুজ্জামানকে আদালতে হাজির করা হলে তার পক্ষে জামিন আবেদন করেন আইনজীবীরা। রাষ্ট্রপক্ষ এর বিরোধিতা করে তাকে কারাগারে পাঠানোর আবেদন জানায়।
শুনানির আগে আদালতে দুই পক্ষের আইনজীবীদের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। পরে পরিস্থিতি শান্ত হলে বিচারিক কার্যক্রম শুরু হয়। কাঠগড়ায় দাঁড়িয়ে আখতারুজ্জামান নিজেকে অসুস্থ দাবি করে তার পক্ষে ১০ জন আইনজীবীকে শুনানিতে অংশ নেওয়ার অনুমতি দেওয়ার অনুরোধ করেন।
এর আগে শনিবার তাকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার উপপরিদর্শক মাজেদুল ইসলাম তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন।
গত শুক্রবার রাজধানীর ক্যান্টনমেন্টের ডিওএইচএস এলাকার বাসা থেকে আখতারুজ্জামানকে গ্রেপ্তার করে ডিবি পুলিশ। বিমানবন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়।
মামলার সূত্র অনুযায়ী, গত ১ অক্টোবর বিমানবন্দরে লাগেজ ট্রলির সংকট, লাগেজ পেতে বিলম্ব ও জমজমের পানি না পাওয়াকে কেন্দ্র করে উত্তেজনা সৃষ্টি হয়। পরে পরিস্থিতি বিশৃঙ্খলার দিকে যায়। এ ঘটনায় সরকারি কাজে বাধা ও নিরাপত্তা কর্মকর্তাকে হেনস্তার অভিযোগে আখতারুজ্জামানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।










