যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের বের করে দেওয়ার খবরকে সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।
রোববার (৪ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আরাগচি জানান, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন শেষে নির্ধারিত সময় অনুযায়ী ইরানি কূটনীতিকরা যুক্তরাষ্ট্র ছেড়ে গেছেন। একজন কূটনীতিক তখনও বাকি ছিলেন এবং তিনিও ইতোমধ্যে যুক্তরাষ্ট্র থেকে রওনা দিয়েছেন বলে জানান তিনি।
এর আগে কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমে দাবি করা হয়, জাতিসংঘে ইরানের মিশনের কর্মকর্তাদের দ্রুত যুক্তরাষ্ট্র ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তবে ওই নির্দেশনা মেনে না চলায় দুই ইরানি কূটনীতিককে নিয়ে প্রশ্ন তৈরি হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।
তবে ইরানের পররাষ্ট্রমন্ত্রী এই দাবিকে নাকচ করে দিয়ে বলেন, ইরানি কূটনীতিকদের যুক্তরাষ্ট্র থেকে বের করে দেওয়ার যে খবর ছড়িয়েছে, তার কোনো সত্যতা নেই।
আরাগচি এমন খবর প্রচারকে যুক্তরাষ্ট্রের ‘হতাশা ও পরাজয়ের’ প্রতিফলন হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি জাতিসংঘের স্বাগতিক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রের দায়িত্ব ও নিয়মের সঙ্গেও এ ধরনের আচরণ সামঞ্জস্যপূর্ণ নয় বলে মন্তব্য করেন।
জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই কূটনীতিকদের অবস্থান নিয়ে এই আলোচনা শুরু হয়। ইরানের পক্ষ থেকে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক ব্যাখ্যা দেওয়ার পর যুক্তরাষ্ট্র থেকে ইরানি কূটনীতিকদের জোর করে বের করে দেওয়ার দাবিটি অস্বীকার করা হলো।










